বিমানবন্দরে ফুল দিয়ে বরণ করা হয়েছে তামিমদের। ছবি: সংগৃহীত
মেলবোর্ন ১৩ আগস্ট- রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। হারারেতে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব–১৯ দলের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জেতার আগে দক্ষিণ আফ্রিকায় জিতেছে ৫০ ওভারের ম্যাচের সিরিজও। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া যুব বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের জন্য এটি ছিল প্রস্তুতির মঞ্চ।
দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরের ফলাফলই বলে দিচ্ছে আজিজুল হাকিমের দলের প্রস্তুতিটা হয়েছে বেশ ভালোভাবেই। আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় যুব বিশ্বকাপ নিয়েও স্বপ্নটা বড় হয়েছে তাতে। দেশে ফেরার পর বিমানবন্দরে অধিনায়ক আজিজুল বলেছেন, ‘আমরা ওভাবেই (চ্যাম্পিয়ন হওয়ার) প্রস্তুতি নিচ্ছি, চেষ্টা করছি। এক বছর ধরে শারীরিক ও মানসিকভাবে কঠোর পরিশ্রম করছি।
জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা মিলিয়ে যুবাদের সফর ছিল এক মাসের। দক্ষিণ আফ্রিকাকে ২–১ ব্যবধানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়েতে যায় তারা। এই সিরিজে ৭ ম্যাচ খেলে বাংলাদেশের যুবারা হেরেছেন মাত্র একটিতে। সিরিজে বল হাতে উজ্জ্বল ছিলেন আল ফাহাদ। ৫ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে এই পেসারই সিরিজের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
ভিন্ন কন্ডিশনে এমন সাফল্য পেয়ে রোমাঞ্চিত ফাহাদ বলেন, ওখানে বল করে আলাদা একটা মজা পেয়েছি। ঠান্ডা ছিল, উইকেটেও বাউন্স ছিল। এ রকম কন্ডিশনে আগে কখনো বল করিনি। এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগবে।