দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে মাঠপর্যায়ে কঠোর নিরাপত্তা নির্দেশনা । ছবি: সংগৃহীত
মেলবোর্ন ৩ সেপ্টেম্বর– হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে চলতি মাসের শেষের দিকে। এ উৎসবকে ঘিরে সম্ভাব্য নাশকতা রোধ এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ উদ্যোগ নিয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় অনলাইনে (জুমে) আয়োজিত এক সভায় পূজাকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৮ দফা নির্দেশনা ঘোষণা করা হবে।
সভায় আট বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, ডিআইজি, পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা অংশ নেবেন। সচিবালয় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সচিব নাসিমুল গণি সরাসরি দিকনির্দেশনা দেবেন।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, নির্দেশনায় সবচেয়ে গুরুত্ব পাচ্ছে— পূজামণ্ডপে পুলিশ, র্যাব, আনসার ও ভিডিপির টহল , জোরদার , প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক মোতায়েন , সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব রোধে নজরদারি , প্রতিমা বিসর্জনের সময় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ।
এ ছাড়া নারী দর্শনার্থীদের নিরাপত্তায় আলাদা ব্যবস্থা, ইভটিজিং প্রতিরোধে কঠোর পদক্ষেপ, আতশবাজি–পটকা নিষিদ্ধকরণ, বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, অগ্নিনির্বাপক ও ডুবুরি দলের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশনা থাকবে। দুর্গম এলাকায় যাতায়াতের রাস্তা সাময়িকভাবে মেরামতের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
শুধু দুর্গাপূজা নয়, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের সর্বস্তরে সতর্কবার্তা দেওয়া হবে সভায়। নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা, শ্রমিক অসন্তোষ এবং বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা সামলাতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হবে।