সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় ভাতা বৃদ্ধি। ছবিঃ নাইন নিউজ
মেলবোর্ন, ১৬ সেপ্টেম্বর- অস্ট্রেলিয়ার কোটি কোটি মানুষ এবার বাড়তি অর্থ পেতে যাচ্ছেন, কারণ সেন্ট্রেলিংক-এর আওতায় থাকা ভাতা ও ভর্তুকি সেপ্টেম্বর ২০২৫ থেকে বাড়ানো হচ্ছে। চলমান জীবনযাত্রার ব্যয় সংকট সামাল দিতে প্রতিবছরের মতো এ বছরও মার্চ ও সেপ্টেম্বরে এই সূচকভিত্তিক পরিবর্তন কার্যকর করা হয়েছে। এর লক্ষ্য হলো মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলিয়ে সরকারি ভাতা বাড়ানো।
সেপ্টেম্বর ২০২৫ থেকে বিভিন্ন খাতে ভাতার অঙ্ক ভিন্নভাবে বাড়বে। এককভাবে পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য ভাতা বেড়ে দ্বিসাপ্তাহিক ১ হাজার ১৪৯ ডলার থেকে ১ হাজার ১৭৮ দশমিক ৭০ ডলারে পৌঁছাবে, অর্থাৎ ২৯ দশমিক ৭০ ডলার বাড়বে। দম্পতিরা প্রত্যেকে ২২ দশমিক ৪০ ডলার বাড়তি পাবেন, ফলে তাদের প্রত্যেকের দ্বিসাপ্তাহিক ভাতা দাঁড়াবে ৮৮৮ দশমিক ৫০ ডলার।
একক অভিভাবকের ভাতা বাড়বে ১৬ দশমিক ২০ ডলার এবং সঙ্গী থাকা অভিভাবকের জন্য বাড়তি অঙ্ক ১১ দশমিক ৪০ ডলার। এর ফলে তাদের দ্বিসাপ্তাহিক ভাতা যথাক্রমে ১ হাজার ৩৯ দশমিক ৭০ ডলার এবং ৭৩৪ দশমিক ৪০ ডলারে পৌঁছাবে।
ভাড়া ভর্তুকি সামান্য বৃদ্ধি পাবে। একক ভাড়াটিয়ারা ৩ দশমিক ৪০ ডলার বেশি পেয়ে মোট ২১৫ দশমিক ৪০ ডলার পাবেন। দম্পতিদের জন্য বাড়তি অঙ্ক হবে ৩ দশমিক ২০ ডলার, ফলে মোট দাঁড়াবে ২০৩ ডলার। পরিবারভিত্তিক ভাড়া সহায়তা সর্বোচ্চ ৪ দশমিক ৪৮ ডলার বাড়বে।
কর্মসংস্থানের সহায়তা বা জবসিকার ভাতায়ও পরিবর্তন আসছে। সন্তানবিহীন একক বেকার, যাদের বয়স ২২ বছরের বেশি, তারা ১২ দশমিক ৫০ ডলার বাড়তি পাবেন। এর ফলে দ্বিসাপ্তাহিক ভাতা ৭৮১ দশমিক ১০ ডলার থেকে বেড়ে হবে ৭৯৩ দশমিক ৬০ ডলার। দম্পতিরা প্রত্যেকে ১১ দশমিক ৪০ ডলার বেশি পাবেন।
যুব ভাতা (ইউথ অ্যালাওয়েন্স) বাড়বে ১৬ দশমিক ২০ ডলার। এতে দ্বিসাপ্তাহিক ভাতা ১ হাজার ১১ দশমিক ৫০ ডলার থেকে বেড়ে দাঁড়াবে ১ হাজার ২৭ দশমিক ৭০ ডলার।
এ ভাতা বৃদ্ধির জন্য আলাদা করে কিছু করতে হবে না। ২০ সেপ্টেম্বর, শুক্রবারের পর থেকে যেসব অর্থ প্রদান করা হবে তাতেই নতুন হার প্রযোজ্য হবে।
প্রতি বছর মার্চ ও সেপ্টেম্বরে সেন্ট্রেলিংক-এর ভাতা পুনর্নির্ধারণ করা হয়। কারণ জীবনযাত্রার খরচ এবং মূল্যস্ফীতি বাড়ার সঙ্গে সঙ্গে ভাতার পরিমাণও নিয়মিত সমন্বয় করতে হয়। এ সমন্বয়ে ভোক্তা মূল্যসূচক, সাপ্তাহিক গড় আয় পরিবর্তন এবং পেনশনভোগী ও ভাতা পাওয়া নাগরিকদের জীবনযাত্রার ব্যয়সূচক বিবেচনা করা হয়।
আগামী সূচকভিত্তিক পরিবর্তন কার্যকর হবে মার্চ ২০২৬-এ।
সুত্রঃ নাইন নিউজ