মেলবোর্ন, ৩ অক্টোবর- বিশ্বের বৃহত্তম অনলাইন মুক্ত জ্ঞানভান্ডার উইকিপিডিয়া নিয়ে দীর্ঘদিনের অসন্তোষের পর এবার সরাসরি বিকল্প তৈরির ঘোষণা দিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তাঁর এআই সংস্থা এক্সএআই (xAI) তৈরি করছে নতুন এক উন্মুক্ত-উৎসের জ্ঞানভান্ডার, যার নাম হবে ‘গ্রোকিপিডিয়া’ (Grokipedia)। মাস্কের দাবি, এটি হবে উইকিপিডিয়ার তুলনায় বহুগুণ উন্নত এবং একমাত্র ‘সত্য ও তথ্যের’ ভিত্তিতেই গড়ে তোলা হবে।
মাস্কের ঘোষণার পর থেকে প্রযুক্তি দুনিয়া ও বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই উদ্যোগ। অনেকের মতে, তথ্যের যুগে জ্ঞান নিয়ন্ত্রণে এটি এক নতুন সংঘাতের সূচনা করতে যাচ্ছে।
ইলন মাস্ক বলেছেন, গ্রোকিপিডিয়া হবে একটি বিশাল জ্ঞানভান্ডার, যেখানে সত্যকেই একমাত্র লক্ষ্য ধরা হবে। এক্সএআই-এর মহাবিশ্বকে বোঝার বৃহত্তর লক্ষ্য পূরণে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেন।
এই জ্ঞানভান্ডার সবার জন্য উন্মুক্ত থাকবে, কোনো ব্যবহার সীমাবদ্ধতা থাকবে না। মাস্কের বিশ্বাস, এটি একসময় মানুষ ও এআই—উভয়ের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যসূত্রে পরিণত হবে।
ইলন মাস্ক বহুবার উইকিপিডিয়াকে ‘Wokipedia’ বা ‘Dickipedia’ বলে কটাক্ষ করেছেন। তাঁর অভিযোগ,
উইকিপিডিয়ার সম্পাদকীয় প্রক্রিয়া রাজনৈতিক পক্ষপাতদুষ্ট, বিশেষ করে বামঘেঁষা।সংবেদনশীল জীবনী ও রাজনৈতিক বিষয়গুলোতে উইকিপিডিয়ার কনটেন্ট অনেক সময় কট্টর বামপন্থী সম্পাদকদের দ্বারা প্রভাবিত।মাস্ক দাবি করেন, এই পক্ষপাতের কারণে উইকিপিডিয়া এআই প্রশিক্ষণের জন্য অযোগ্য।
তিনি নিজের উইকিপিডিয়া এন্ট্রি নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। সেখানে তাঁকে ষড়যন্ত্র তত্ত্ব প্রচারক ও কোভিড-১৯ ভুল তথ্য প্রচারক হিসেবে বর্ণনা করা হয়েছে, যা তিনি পক্ষপাতদুষ্ট সম্পাদকদের কাজ বলে মনে করেন।
মাস্ক অভিযোগ করেছেন, উইকিপিডিয়া অলাভজনক সংস্থা হলেও তারা অনুদানের অর্থ মূল কাজের পরিবর্তে ‘Woke’ উদ্যোগে ব্যয় করছে। তাঁর দাবি, প্রতিষ্ঠানটি বৈচিত্র্য, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি বাবদ প্রায় ৫০ মিলিয়ন ডলার খরচ করেছে, যা তিনি জালিয়াতি আখ্যা দিয়েছেন।
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের বিজয় উদ্যাপন অনুষ্ঠানে তাঁর দেওয়া বিতর্কিত ‘স্যালুট’ নিয়ে উইকিপিডিয়ার পেজে তথ্য যুক্ত হওয়ায় তিনি উইকিপিডিয়াকে বয়কট করার ডাক দেন এবং বলেন—
“ভারসাম্য ফিরিয়ে না আনা পর্যন্ত উইকিপিডিয়ার অর্থায়ন বন্ধ করুন।”
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, গ্রোকিপিডিয়া সফল হলে এটি তথ্য ও জ্ঞানভান্ডারের জগতে এক নতুন মাত্রা যোগ করবে।