শিববাড়ী মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে হামলাকারীরা সংগঠনের নেতাকর্মীদের মারধর করে এবং ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ২৭ নভেম্বর- বাউল আবুল সরকারের মুক্তি এবং মাজার–দরগাহ ভাঙচুরের প্রতিবাদে খুলনায় গণতান্ত্রিক ছাত্রজোট আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। শিববাড়ী মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে হামলাকারীরা সংগঠনের নেতাকর্মীদের মারধর করে এবং ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়। এতে কয়েকজন আহত হন। ঘটনা ঘটে বুধবার বিকেলে।
ছাত্রজোটের নেতারা বলেন, বাউলশিল্পীদের ওপর হামলা, মাজার–খানকা ভাঙচুর ও ভিন্ন ধর্মমতের মানুষের ওপর সহিংসতার প্রতিবাদে সারাদেশে কর্মসূচি পালন করা হচ্ছে। এর অংশ হিসেবে খুলনায় মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু একই সময়ে একই স্থানে ‘ছাত্র–জনতা’ ব্যানারে একটি পাল্টা সমাবেশের ডাক দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রজোট বিকেল সাড়ে তিনটার দিকে মানববন্ধনের ঘোষণা দেয়। একই সময় ‘ছাত্র–জনতা’ ব্যানারে আরেক দল সেখানে অবস্থান নেয়। বিকেল পাঁচটার দিকে ছাত্রজোট ব্যানার হাতে সড়কে নামতেই তাদের ওপর হামলা হয়। লাঠি, কিল–ঘুষিতে কয়েকজন আহত হয় এবং ব্যানার ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ছাত্র ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সজীব খান অভিযোগ করেন, পুলিশ উপস্থিত থাকলেও পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয় এবং যারা ‘ছাত্র–জনতা’র নামে এসেছিল তারা আপ বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবিরের কর্মী। অন্যদিকে আপ বাংলাদেশের খুলনা মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফয়জুল্লাহ শাকিল দাবি করেন, ছাত্রজোটের কর্মীরাই আগে তাদের একজনকে মারধর করেছিল, তাই তারা প্রতিরোধে এগিয়ে যায়।
সোনাডাঙ্গা মডেল থানার ওসি কবির হোসেন বলেন, বামপন্থী ছাত্রদের মানববন্ধনে ‘ছাত্র ও সাধারণ জনতা’ হামলা চালিয়েছে। কয়েকজন আহত হলেও কেউ গুরুতর নয় বলে তিনি জানান। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। ব্যানার পোড়ানো নিয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি এবং উত্তেজনা এড়াতে আগেই পুলিশ মোতায়েন ছিল।
সূত্রঃ প্রথম আলো