মেলবোর্ন, ৫ জানুয়ারি- গত বছর থেকেই জয় ভানুশালী ও মাহী বিজের বিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। নতুন বছরের শুরুতেই সেই জল্পনায় ইতি টানেন এ দম্পতি।
সামাজিক মাধ্যমে যৌথ বিবৃতিতে তারা জানান, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে। যদিও বিচ্ছেদের প্রভাব তাদের তিন সন্তানের উপর পড়বে না বলেও স্পষ্ট করেন তারা।
বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে আলোচনায় উঠে আসে খোরপোশ প্রসঙ্গ। নেটমাধ্যমে প্রশ্ন উঠতে থাকে- মাহী কি জয়ের কাছ থেকে খোরপোশ নিচ্ছেন? এই প্রশ্ন ঘিরেই ফের ক্ষোভ ঝাড়লেন দেন ছোটপর্দার জনপ্রিয় এ অভিনেত্রী।
এর আগেও খোরপোশ নিয়ে গুজব ছড়িয়েছিল। দাবি করা হয়, মাহী নাকি জয়ের কাছ থেকে ৫ কোটি টাকা খোরপোশ চেয়েছেন। সেই সময়ই রীতিমতো বিরক্ত হয়ে মাহী বলেছিলেন, “তিন-চার দিন ধরে দেখছি একটা খবর খুব ছড়ানো হচ্ছে। সবাই উঠে পড়ে লেগেছে। যদি প্রমাণ থাকে, তাহলে সেটা দেখান।”
শুধু তাই নয়, ২০২৫ সালের নভেম্বর মাসে তাদের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়ে গেছে- এমন খবর প্রকাশিত হওয়াতেও ক্ষুব্ধ হয়েছিলেন মাহী।
তিনি বলেছিলেন, “কোথাও পড়লাম, আমাদের নাকি সব কাগজে সই হয়ে গেছে। কেউ সেই কাগজটা আমাকে দেখাক। আমরা যখন কিছু বলছি না, তখন কেন আমাদের ব্যক্তিগত জীবনে নাক গলানো হচ্ছে?”
একই সঙ্গে অসুস্থ মা ও তিন সন্তানের কথা তুলে ধরে তিনি জানান, এ ধরনের গুজবের জেরে শিশুদের স্কুলেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
খোরপোশ প্রসঙ্গে নিজের অবস্থানও স্পষ্ট করেছিলেন মাহী। তার কথায়, “খোরপোশের বিষয়টা আমি বুঝি না। স্বামী টাকা রোজগার করছেন মানেই সেই টাকার উপর আমার অধিকার থাকবে, এমন নয়। আর পথ আলাদা হয়ে গেলে তো সেই প্রশ্নই ওঠে না। যে রোজগার করে, টাকা তারই।”
রোববার যৌথ বিবৃতিতে জয় ও মাহী লেখেন, “স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এই সিদ্ধান্তের নেপথ্যে কোনো খলচরিত্র বা নেতিবাচকতা নেই। আমরা সবসময় পরস্পরের পাশে আছি এবং তিন সন্তানের জন্য মা-বাবা হিসেবে একসঙ্গেই থাকবো।”
তবে বিচ্ছেদের পর সন্তানরা কার কাছে থাকবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা করেননি তারা।