2. Secondary Lead News

নির্বাচন ও সংবিধান সংস্কার ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের

  • 8:08 pm - March 23, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
নির্বাচন ও সংবিধান সংস্কার ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের কাজ শুরু করেছে দলটি। তবে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সরকার গড়িমসি করছে, এমন অভিযোগ তুলে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঈদের পর আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে।

জোটের নেতারা বলছেন, নির্বাচনের পর নির্ধারিত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন ও অধিবেশন ডাকার বাধ্যবাধকতা মানেনি সরকার। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করে প্রশাসক নিয়োগের পথে হাঁটায় তারা তীব্র আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, ইতোমধ্যে ১১টি সিটি করপোরেশন এবং ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, যা স্থানীয় সরকার ব্যবস্থাকে নির্বাচনের বাইরে রেখে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার শামিল।

১১ দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, ভোটের মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠার পরিবর্তে প্রশাসক নিয়োগ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটানো হচ্ছে। এতে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে না। তারা বলেন, ঈদের পর যদি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা না আসে, তাহলে রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

এ প্রেক্ষাপটে আগামী ২৮ মার্চ ১১ দলের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে আন্দোলনের রূপরেখা নির্ধারণ করা হবে এবং সেখান থেকেই রাজপথে নামার সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

রাজনৈতিক পটভূমিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় সরকারের অধিকাংশ জনপ্রতিনিধি দায়িত্বে অনুপস্থিত হয়ে পড়েন। ফলে শূন্যতা পূরণে অন্তর্বর্তীকালীন সময়ে সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। কিন্তু বর্তমান সরকারও একই পদ্ধতি অব্যাহত রাখায় সমালোচনা তৈরি হয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ স্থানীয় সরকার নির্বাচন বিলম্বিত করার গভীর ষড়যন্ত্র এবং ভবিষ্যতে একটি ‘পাতানো নির্বাচনের’ প্রস্তুতি হতে পারে। একই ধরনের অভিযোগ তুলে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সংবিধান অনুযায়ী প্রশাসনের সব স্তরে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা। সেখানে প্রশাসক নিয়োগ গণতান্ত্রিক চর্চার পরিপন্থী।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, যা রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ। উদাহরণ হিসেবে তিনি গাইবান্ধা ও কুড়িগ্রামের কয়েকটি আসনের কথা তুলে ধরে বলেন, যেখানে নির্বাচনে পরাজিত ব্যক্তিদের প্রশাসক করা হয়েছে, যা জনগণের রায়ের প্রতি অসম্মান।

জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ অভিযোগ করেন, প্রশাসক নিয়োগের মাধ্যমে স্থানীয় প্রশাসনকে দলীয়করণের একটি প্রকল্প বাস্তবায়নের চেষ্টা চলছে। এর মাধ্যমে সরকারি বরাদ্দও দলীয়ভাবে বণ্টনের ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম-সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং জুলাই সনদের অঙ্গীকার বাস্তবায়নে সরকার টালবাহানা করছে। তিনি বলেন, “এই অবস্থায় মনে হচ্ছে সরকারই আমাদের আন্দোলনে যেতে বাধ্য করছে।” তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ঘোষিত ৩১ দফার অন্যতম প্রতিশ্রুতি ছিল স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু সরকার গঠনের পর সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে দলটি।

একই সুরে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে, যা গণঅভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদের অঙ্গীকার থেকে সরে আসা মানে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গ করা।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদের পর স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়া হবে। তবে বিরোধী জোটের নেতারা বলছেন, বাস্তবে সেই প্রস্তুতির কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

সব মিলিয়ে স্থানীয় সরকার নির্বাচন, সংবিধান সংস্কার এবং প্রশাসক নিয়োগ ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ঈদের পর পরিস্থিতি কোন দিকে যায়, তা নির্ধারণে ২৮ মার্চের বৈঠককে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

আহভাজে হাসপাতালসহ ইরানের বিভিন্ন শহরে তীব্র বিস্ফোরণ ও হামলা

মেলবোর্ন, ২৩ মার্চ- ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন শহরে সোমবার রাতে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তেহরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার শব্দের পাশাপাশি রাজধানীর…

সামনে তেলের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল 

মেলবোর্ন, ২৩ মার্চ- সামনের সময়কে কঠিন আখ্যায়িত করে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

মেলবোর্ন, ২৩ মার্চ- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে রানওয়েতে থাকা একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) রাতে স্থানীয় সময়…

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিপদে ভারতীয় নাগরিক

মেলবোর্ন, ২৩ মার্চ- সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে নতুন ধাপে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হলেও ধ্বংসাবশেষ পড়ে এক…

ঈদের আনন্দ নয়, লাশ হয়ে ফিরল ছোট্ট সাইয়্যেদা

মেলবোর্ন, ২৩ মার্চ-  কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় ভয়াবহ ট্রেন–বাস সংঘর্ষে নিহত হয়েছে নয় বছরের শিশু মাহজাবিন মোশাররাদ সাইয়্যেদা। প্রতি ঈদে যে শিশু বাড়িতে এসে আনন্দে…

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের হুঁশিয়ারি ইরানের

মেলবোর্ন, ২৩ মার্চ- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের  সরাসরি সামরিক হুমকির জবাবে হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ’ বন্ধ করে দেওয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার দেশটির ইসলামি বিপ্লবী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au