মেলবোর্ন, ৫ এপ্রিল- বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হওয়া ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম আবারও পরিবর্তন করেছে সরকার। দীর্ঘদিনের ‘মঙ্গল শোভাযাত্রা’ এবং সাম্প্রতিক ‘আনন্দ শোভাযাত্রা’ নাম বাদ দিয়ে এবার থেকে এটি ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে আয়োজন করা হবে।
রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেন, সরকার চায় শোভাযাত্রাটি যেন কোনো বিতর্কের ঊর্ধ্বে থেকে সব সংস্কৃতির অংশগ্রহণে উদযাপিত হয়।
এর আগে, পহেলা বৈশাখের এই শোভাযাত্রা দীর্ঘদিন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত ছিল, যা ইউনেস্কোর স্বীকৃত সাংস্কৃতিক ঐতিহ্যের অংশও। তবে গত বছর অন্তর্বর্তীকালীন সরকারের সময় নাম পরিবর্তন করে ‘আনন্দ শোভাযাত্রা’ করা হলে দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়।
নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর উভয় নামই বাদ দিয়ে একটি নিরপেক্ষ নাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমরা এটাকে আর ‘আনন্দ’ বা ‘মঙ্গল’ শোভাযাত্রা বলবো না। এটি হবে একটি সর্বজনীন সাংস্কৃতিক আয়োজন, যার নাম হবে ‘বৈশাখী শোভাযাত্রা’।”
তিনি আরও বলেন, শোভাযাত্রাটি যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে, যেখানে ঢোল-বাদ্য, রঙিন পোশাক এবং লোকজ ঐতিহ্যের বহুমাত্রিক প্রকাশ থাকবে।
নাম পরিবর্তন নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গে মন্ত্রী বলেন, “কেউ ‘মঙ্গল’ নামেই থাকতে চান, আবার কেউ ‘আনন্দ’ নামেই। কিন্তু আমরা এই বিতর্কের অবসান চাই। তাই বৈশাখী শোভাযাত্রা নামেই নতুনভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে বহুদিনের বিতর্কের ইতি টানার পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।