অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ার মেলটন সাউথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশুর নামাজের জানাজা ও দাফন মঙ্গলবার ২১ এপ্রিল

৭ বছরের সা’আদ ইবনে মাসুদ কাজীর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া; পরিবারের পক্ষ থেকে সড়ক নিরাপত্তায় সচেতনতার আহ্বান

  • 8:27 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:৩৮৪ বার
পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাজার নামাজে অংশ নেওয়া এবং মরহুমের জন্য দোয়া করার আহ্বান জানানো হয়েছে। ছবি: 9News

মেলবোর্ন, ২০ এপ্রিল: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মেলটন সাউথ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিশু সা’আদ ইবনে মাসুদ কাজীর নামাজে জানাজা ও দাফনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। শনিবার ১৮ এপ্রিল বিকেলে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোক।

জানা যায়, বাড়ির কাছাকাছি রাস্তায় স্কুটার চালানোর সময় একটি ভ্যানের পাশ দিয়ে হঠাৎ রাস্তায় উঠে পড়লে প্রতিবেশীর একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, “আরেকজন প্রতিবেশী তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করছিলেন।” দুর্ঘটনার পরপরই চালক গাড়ি থামিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন। ভিক্টোরিয়া পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে কার্ডিগান ক্লোজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

জানাজা অনুষ্ঠিত হবে মেলবোর্ন গ্র্যান্ড মসজিদে; দাফন লারার ফ্লিন্ডার্স মেমোরিয়াল পার্কে। ছবি: 7 News

সা’আদের চাচা কাজী ইসলাম বলেন, সন্তানের মৃত্যুতে তার বাবা-মা “ভেঙে পড়েছেন”। তিনি জানান, সা’আদ ছিল সবসময় হাসিখুশি একটি শিশু। তিনি বলেন, “আমরা সবার কাছে দোয়া চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” একইসঙ্গে তিনি চালকের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, “আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, সবাই যেন আরও সতর্ক থাকি।”

চালকের স্ত্রী জানিয়েছেন, এই ঘটনায় তার স্বামী ভীষণভাবে ভেঙে পড়েছেন এবং পুরো রাত ঘুমাতে পারেননি; বারবার ঘটনার মুহূর্তটি তার মনে ফিরে আসছে। তাদের নিজের সন্তানরাও সা’আদের সমবয়সী ছিল এবং তারা প্রায়ই একসঙ্গে বাইরে খেলত। কাজী ইসলাম বলেন, “এই ঘটনা সবার জন্যই মানসিকভাবে বড় ধরনের আঘাত। তিনি এই স্মৃতি সারাজীবন বয়ে বেড়াবেন।”

শোকাহত পরিবার জানায়, তারা এই কঠিন সময়ে ধৈর্য ধারণের চেষ্টা করছেন এবং মহান আল্লাহর কাছে সা’আদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেছেন। “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন”—এই দোয়ার মাধ্যমে তারা শোক প্রকাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে আগামী মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ তারিখে জোহরের নামাজের পর দুপুর ১২টা ৪৫ মিনিটে মেলবোর্ন গ্রান্ড মসজিদে (৭০ উটেন রোড, টারনেইট ভিক্টোরিয়ায়) নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দুপুর ২টায় ফ্লিন্ডার্স মেমোরিয়াল পার্ক, লারা’ তে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে সকলকে জানাজায় অংশগ্রহণ এবং মরহুমের জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au