বিশ্ব

ট্রাম্পের সফরের পর বেইজিংয়ে পুতিন, আলোচনায় ইরান ও ইউক্রেন

  • 4:30 pm - May 20, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
ট্রাম্পের পর চীনে গেলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ মে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষ হওয়ার পরপরই বেইজিং সফরে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার গভীর রাতে তাঁর বহনকারী বিমান বেইজিংয়ে অবতরণ করে। সেখানে তাঁকে স্বাগত জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

চলতি বছরে এটি পুতিনের প্রথম বিদেশ সফর। সফরের শুরুতেই বুধবার সকালে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংক্ষিপ্ত দ্বিপাক্ষিক বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধি দল নিয়ে আরও বিস্তৃত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকটি অনুষ্ঠিত হয় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে। সেখানে দুই নেতা একসঙ্গে হেঁটে প্রবেশ করেন। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বৈঠকে পুতিন শি জিনপিংকে আবারও ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, দুই দেশের সম্পর্ক এখন অভূতপূর্ব উচ্চতায় পৌঁছেছে। তিনি আরও জানান, এই বৈঠকের জন্য তিনি দীর্ঘদিন অপেক্ষা করেছেন।

অন্যদিকে শি জিনপিং তাঁর বক্তব্যে বলেন, উন্নয়ন ও পুনরুজ্জীবনের পথে চীন ও রাশিয়ার একে অপরকে সহায়তা করা উচিত। জবাবে পুতিন জানান, মস্কো বেইজিংয়ের জন্য নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবেই থাকবে। একই সঙ্গে তিনি আগামী বছর চীনা প্রেসিডেন্টকে রাশিয়া সফরের আমন্ত্রণ জানান।

দুই দেশের পক্ষ থেকে বৈঠকে ঠিক কোন কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি। তবে ক্রেমলিন জানিয়েছে, কৌশলগত ও সংবেদনশীল বিষয়গুলো আলোচনায় আসতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই সফরের লক্ষ্য দুই দেশের সম্পর্ক আরও গভীর করা এবং বৈশ্বিক স্থিতিশীলতা বাড়ানো।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা চলমান থাকলেও চীন এখনো মস্কোর অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র এবং রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতা। এবারের বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে। বিশেষ করে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ার সম্ভাবনা রয়েছে।

চীনা প্রকৌশল খাতে বড় প্রকল্প ‘পাওয়ার অব সাইবেরিয়া–২’ পাইপলাইনের নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। এটি চালু হলে রাশিয়া বছরে প্রায় ৫০ বিলিয়ন ঘনমিটার গ্যাস চীনে সরবরাহ করতে পারবে। এতে চীনের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়টিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি এবং পশ্চিমা নিষেধাজ্ঞার চাপের কারণে রাশিয়া চীনের ওপর জ্বালানি রপ্তানিতে আরও বেশি নির্ভরশীল হয়ে পড়েছে। অন্যদিকে চীন এখনো ইউক্রেন যুদ্ধের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, তবে পশ্চিমা নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা, বিশেষ করে পারমাণবিক আলোচনা এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য পরিস্থিতিতে এ অঞ্চলের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

সফরসূচি অনুযায়ী, পুতিন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন। পাশাপাশি শি জিনপিংয়ের সঙ্গে যৌথ নথি স্বাক্ষর, আলোকচিত্র প্রদর্শনী, নৈশভোজ এবং চায়ের আড্ডার মতো বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

এই সফরের মধ্য দিয়ে চীন ও রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা। একই সঙ্গে বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার ত্রিমুখী সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও মনে করা হচ্ছে।

সূত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au