শাহবাগে সাংবাদিকদের ব্রিফ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
মেলবোর্ন, ১৬ জুলাই- শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করা আন্দোলনরত শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে কর্মসূচি স্থগিত করেছেন। তারা ঘোষণা দিয়েছেন, বুধবার (১৫ জুলাই) রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে ‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করা হবে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় থেকে সরে গেলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে সন্ধ্যা ৬টা থেকে প্রায় দেড় ঘণ্টা রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধ করে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন তারা। এতে শাহবাগ এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী রাহাত আহমেদ সাংবাদিকদের বলেন, জনগণের দুর্ভোগ সৃষ্টি করা তাদের উদ্দেশ্য নয়। তাই আপাতত কর্মসূচি স্থগিত করা হলেও দাবির বিষয়ে তারা অনড় রয়েছেন। তিনি বলেন, রাত ১০টার মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে পরদিন সকাল ১০টায় সায়েন্স ল্যাবরেটরি মোড় থেকে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করা হবে।
শিক্ষার্থীদের এমন ঘোষণার পর তারা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড় ছেড়ে চলে গেলে বন্ধ থাকা যানবাহন চলাচল আবারও স্বাভাবিক হয়।
বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ভুল এবং প্রশ্নের মান নিয়ে অসন্তোষের জেরে মঙ্গলবার (১৪ জুলাই) ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ওই দিন শিক্ষার্থীরা সড়ক অবরোধ, সমাবেশ এবং বিভিন্ন কর্মসূচি পালন করেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার পরীক্ষা শেষে বেলা আড়াইটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং উত্তরা এলাকায় সড়ক অবরোধ করেন। এতে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সেখান থেকে তারা ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচির অংশ হিসেবে সচিবালয়ের উদ্দেশে যাত্রা করেন।
বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান দেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে শাহবাগের উদ্দেশে রওনা হয়ে সন্ধ্যা ৬টার দিকে মোড় অবরোধ করেন। অবরোধ চলাকালে শাহবাগ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের এক দফা দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।