বাংলাদেশ

ভুল প্রশ্নপত্র বিতরণে সাতক্ষীরা এইচএসসি কেন্দ্রের সচিব প্রত্যাহার

  • 3:49 am - July 17, 2026
  • পঠিত হয়েছে:১৭৯ বার

মেলবোর্ন, ১৭ জুলাই- সাতক্ষীরা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভূগোল প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) অনুষ্ঠিত এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষার শুরুতে পরীক্ষার্থীদের হাতে প্রথমপত্রের পরিবর্তে দ্বিতীয়পত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। বিষয়টি বুঝতে না পেরে পরীক্ষার্থীরা প্রায় ১৫ থেকে ২০ মিনিট সেই প্রশ্নপত্র অনুযায়ী উত্তর লেখা শুরু করেন। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভুলটি শনাক্ত করে প্রশ্নপত্রগুলো ফিরিয়ে নেন।

এরপর প্রথমপত্রের সঠিক প্রশ্নপত্র আনতে কিছুটা সময় লাগায় পরীক্ষার্থীদের প্রথমে সৃজনশীল অংশের প্রশ্ন দেওয়া হয়। তবে সেটিও ভুলক্রমে ২০২৫ সালের প্রশ্নপত্র হওয়ায় কয়েক মিনিটের মধ্যে তা প্রত্যাহার করে চলতি বছরের সঠিক প্রশ্নপত্র সরবরাহ করা হয়। শেষ পর্যন্ত নির্ধারিত প্রশ্নপত্রেই পরীক্ষা সম্পন্ন করা হয় এবং পরীক্ষার্থীদের সময়ের ক্ষতি পুষিয়ে দিতে অতিরিক্ত প্রায় ২০ মিনিট সময় দেওয়া হয়।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) রিপন বিশ্বাস জানান, প্রশ্নপত্র বাছাইয়ের সময় কলেজ কর্তৃপক্ষের ভুলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে জানানো হয়েছে। পরে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয় এবং প্রাথমিকভাবে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। আগামী ১৮ জুলাই অনুষ্ঠিতব্য ভূগোল দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বহাল থাকবে কি না, সে বিষয়ে শিক্ষা বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, ঘটনার বিস্তারিত শিক্ষা বোর্ডকে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম মো. আব্দুস ছালাম জানান, সংশ্লিষ্ট কর্মকর্তাকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ড থেকেও তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ১৮ জুলাই নির্ধারিত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বহাল থাকবে কি না, সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবে।

জানা গেছে, সাতক্ষীরা সিটি কলেজ কেন্দ্রটিতে সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা ডে-নাইট কলেজ, ঝাউডাঙ্গা কলেজ এবং শহীদ স্মৃতি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রশ্নপত্র বিতরণে এমন গুরুতর ত্রুটির ঘটনায় পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি হলেও শেষ পর্যন্ত সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসনের তদন্তের ফলাফলের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট সবার।

এই শাখার আরও খবর

২০১৬ সালের পানামা পেপার্স: কী ছিল সেই চাঞ্চল্যকর ফাঁসে?

২০১৬ সালে বিশ্বের ২ লাখ ১৪ হাজার ব্যক্তির টাকা পাচারের নথি প্রমাণ সহ ফাঁস করে দিয়েছিলো পানামা পেপার্স।১১.৫ মিলিয়নের এই নথিতে নাম ছিল সাবেক প্রধানমন্ত্রী…

জলবায়ু পরিবর্তনে খাদ্যনিরাপত্তা হুমকিতে, দুর্ভিক্ষের শঙ্কা

ভাস্কর দত্ত :  জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে খাদ্যনিরাপত্তা ক্রমেই চ্যালেঞ্জের মুখে পড়ছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও বাস্তুচ্যুতির কারণে জীবিকা হারাচ্ছেন উপকূলীয় অঞ্চলের মানুষ। বাস্তুচ্যুত পরিবারগুলোর…

রিপাবলিকানদের নির্বাচনী পরাজয়ের জন্য ইরান যুদ্ধকে দায়ী করলেন ভ্যান্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের পরাজয়ের পেছনে ইরান যুদ্ধকে দায়ী করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তাঁর দাবি, যুদ্ধ নিয়ে হতাশা ও ক্ষোভের…

জলবায়ু ও স্বাস্থ্য সুরক্ষায় ৬ পদক্ষেপ, বছরে বাঁচতে পারে ১৬ লাখ প্রাণ

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ছয়টি কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে বছরে প্রায় ১৬ লাখ মানুষের প্রাণ বাঁচানো সম্ভব। একই সঙ্গে কার্বন…

বার্সেলোনার বড় ধাক্কা, এক মাস মাঠের বাইরে রদ্রি

চোটের কারণে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচে তাঁকে পাচ্ছে…

বিশ্ব কি ঘুমের ঘোরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

আন্তর্জাতিক রাজনীতিতে বাড়ছে অস্থিরতা, শক্তিধর দেশগুলোর মধ্যে তীব্র হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক সংঘাত, সামরিক শক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রতি অবজ্ঞা বিশ্বব্যবস্থাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au