বাংলাদেশ

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বরখাস্ত ও হয়রানি বন্ধের আহ্বান পেশাজীবী মানবাধিকার পরিষদের

  • 11:14 pm - September 02, 2026
  • পঠিত হয়েছে:৭৭ বার
পেশাজীবী মানবাধিকার পরিষদ। ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন ও হয়রানি বন্ধের আহ্বান জানিয়েছে পেশাজীবী মানবাধিকার পরিষদ। সংগঠনটির দাবি, রাজনৈতিক বিবেচনায় শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে তা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ও শিক্ষকদের মৌলিক অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে।

বুধবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সংগঠনের আহ্বায়ক ডা. জামাল উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব কৃষিবিদ মিজানুর রহমান।

বিবৃতিতে বলা হয়, জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থানের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক প্রগতিশীল শিক্ষক সমাজের সভাপতি এবং পেশাজীবী মানবাধিকার পরিষদের কো-কনভেনার ড. এম. অহিদুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মাহবুবুর রহমান লিটুকে সাময়িক বরখাস্ত এবং তাঁদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্তে সংগঠনটি গভীরভাবে উদ্বিগ্ন।

সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে রাজনৈতিক বিবেচনায় তদন্ত কমিটি গঠন এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিরত থাকতে হবে। এ ধরনের পদক্ষেপ শিক্ষার পরিবেশকে ব্যাহত করার পাশাপাশি শিক্ষকদের মধ্যে ভীতি তৈরি করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টের ঘটনাবলিকে কেন্দ্র করে দেশে নানা ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সামনে এসেছে। এর প্রভাব শিক্ষাঙ্গনেও পড়েছে বলে দাবি করে সংগঠনটি। তাদের ভাষ্য, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বিরুদ্ধে মব সৃষ্টি, শারীরিক আঘাত, মানসিক হয়রানি, চাকরিচ্যুতি ও পদাবনতির মতো ঘটনা ঘটেছে।

পেশাজীবী মানবাধিকার পরিষদের দাবি, এসব ঘটনার কারণে অনেক শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছেন। কোনো কোনো ক্ষেত্রে চাকরিচ্যুতি বা হয়রানির মতো পরিস্থিতি শিক্ষকদের চরম মানসিক সংকটের দিকে ঠেলে দিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

সংগঠনটি আরও দাবি করে, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের শিক্ষাঙ্গনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল। এ অস্থিরতার পেছনে তৎকালীন অন্তর্বর্তী সরকারের পৃষ্ঠপোষকতা ছিল বলে অনেকেই মনে করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে বিবৃতিতে কোনো নির্দিষ্ট প্রমাণ বা ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। একই সঙ্গে শিক্ষাঙ্গনে রাজনৈতিক মতের ভিত্তিতে শিক্ষকদের হয়রানি বন্ধে প্রশাসনকে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করার প্রত্যাশাও ছিল। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে এ বিষয়ে জনগণের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।

পেশাজীবী মানবাধিকার পরিষদ অভিযোগ করেছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ও অভিজ্ঞ শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন এবং সাময়িক বরখাস্তের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপিকা ড. সাদেকা হালিমের সাময়িক বরখাস্তের বিষয়টি উল্লেখ করা হয়। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সংগঠনটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আজমল হোসেন ভূইয়াসহ কয়েকজন শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার কথাও বলা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আহসান হাবীব হেলাল, অধ্যাপক ডা. সুবাস দেসহ ৩৬ জন শিক্ষক-চিকিৎসককে চাকরিচ্যুত করার অভিযোগও বিবৃতিতে তুলে ধরা হয়েছে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. পূর্বা ইসলামসহ শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগও করা হয়েছে।

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের বিষয়টিও উল্লেখ করেছে সংগঠনটি। এসব তদন্ত কমিটির কার্যক্রমের নিয়মনীতি, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে পেশাজীবী মানবাধিকার পরিষদ।

সংগঠনটির নেতারা বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মুক্তচিন্তা, রাজনৈতিক মত প্রকাশ এবং স্বাধীনভাবে মতামত দেওয়ার অধিকার রয়েছে। রাজনৈতিক মতাদর্শ বা ভিন্নমতের কারণে কোনো শিক্ষককে হয়রানি বা শাস্তির মুখোমুখি করা হলে তা ভবিষ্যতে আরও বড় ধরনের বিভাজন তৈরি করতে পারে।

তাদের দাবি, শিক্ষক, চিকিৎসক, কৃষিবিদসহ বিভিন্ন পেশাজীবীর বিরুদ্ধে যেসব নিবর্তনমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে শিক্ষাঙ্গনে সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

পেশাজীবী মানবাধিকার পরিষদ বলেছে, শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা রাজনৈতিক বিবেচনায় নয়, প্রচলিত আইন, বিশ্ববিদ্যালয়ের বিধি এবং ন্যায়সংগত তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। একই সঙ্গে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং অভিযুক্ত শিক্ষকের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

এই শাখার আরও খবর

‘গেরুয়া গুন্ডামি’ শব্দ নিয়ে মামলা, আনন্দবাজারের সাংবাদিকদের জরুরি স্বস্তি দিলেন না হাইকোর্ট

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহিংসতার প্রতিবেদন প্রকাশের সময় ‘গেরুয়া গুন্ডামি’ শব্দ ব্যবহার করায় আনন্দবাজার পত্রিকার সম্পাদক ও প্রধান প্রতিবেদকসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আপাতত কোনো…

তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই সাবেক সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক পুলিশ…

ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, জিআরপির ৪ সদস্য প্রত্যাহার

ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেসের খাবারের বগিতে ৪৪ বছর বয়সী এক নারী যাত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় রেলওয়ে পুলিশের (জিআরপি) চার সদস্যকে দায়িত্ব…

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে বাংলাদেশের ভেবে দেখা উচিত

গত সপ্তাহে জাতীয় সংসদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্রণ এলে বাংলাদেশ তা ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে। তিনি আরও বলেন,…

মার্কিন হামলায় ইরানের বাসিজ বাহিনীর ৩ সদস্য নিহত

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের প্যারামিলিটারি বাহিনী বাসিজের তিন সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে ইরানের লাভিন দ্বীপে মার্কিন বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় তারা নিহত হন। বুধবার (২…

হত্যাকাণ্ডের পর খোঁজ মিলছে না আয়ুশের দুই গৃহশিক্ষিকার, কী জানতেন তারা?

রংপুর নগরীর দাসপাড়া-মেছুয়াপাড়া এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নানা প্রশ্ন। ১৯ আগস্টের ওই হত্যাকাণ্ডে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au