পাকিস্তানে পুলিশের তল্লাশি চৌকিতে বোমা হামলা, নিহত ১১
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর)…
দেশের তিন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ চারজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শনিবার (২৬ সেপ্টেম্বর) মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মানিকগঞ্জের শিবালয়ে গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তার ১০ মাস বয়সী মেয়ের মৃত্যু হয়। ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ হারান দুই মোটরসাইকেল আরোহী। অন্যদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে তিশা প্লাটিনাম পরিবহনের বাস উল্টে আহত হন অন্তত ৩০ যাত্রী।
ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় নামিম খাঁ (১৯) ও নিরব খাঁ (১৮) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ভোরে সদর উপজেলার রামরাইল বাজার এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নামিম জেলা শহরের কান্দিপাড়া এলাকার লিটন খাঁর ছেলে এবং নিরব একই এলাকার কিসমত খাঁর ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
নিহতের স্বজনদের বরাত দিয়ে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাতেন জানান, ভোরে সুলতানপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নামিম ও নিরব। রামরাইল বাজার এলাকায় অজ্ঞাত একটি গাড়ি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মহাসড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। কোন গাড়ি তাদের ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শিবালয় (মানিকগঞ্জ) :
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের ধাক্কায় সনিয়া (২৬) ও তার ১০ মাস বয়সী মেয়ে জান্নাত নিহত হয়েছে। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সনিয়া শিবালয়ের জাফরগঞ্জ পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে এবং মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার স্বামী আবুল হোসেন টাঙ্গাইল জেলা কারাগারের কারারক্ষী।
আবুল হোসেন বলেন, সাত দিনের ছুটিতে স্ত্রী ও মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে এসেছিলেন তিনি। স্ত্রীর মাস্টার্স পরীক্ষা শেষ হওয়ায় সকালে মোটরসাইকেলে কর্মস্থল টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় উল্টো পথে আসা দ্রুতগতির গোল্ডেন লাইন বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে স্ত্রী কোলে থাকা শিশুসহ পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সনিয়াকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটিও।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উথলী এলাকা থেকে আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
চৌদ্দগ্রাম (কুমিল্লা) :
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় তিশা প্লাটিনাম পরিবহনের বাস উল্টে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সামনে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে বাঁচাতে গিয়ে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কে উল্টে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাদের মধ্যে ১৫ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
মিঞাবাজার হাইওয়ে থানার এসআই নাজির হোসেন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au