বাংলাদেশের পাট-শিল্পের ভবিষ্যৎ কি?
২০২০ সালে বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন ২৫টি পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর সেগুলো আবার উৎপাদনে ফেরাতে কয়েক মাস আগে ইজারা দেওয়ার উদ্যোগ নেয় সরকার।…
ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার ও ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বিশেষজ্ঞ তাঁকে এমন পূর্বাভাস দিয়েছিলেন। মুহূর্তেই যেন থমকে গিয়েছিল তাঁর পৃথিবী।
দীর্ঘ ৯ মাসের চিকিৎসা, অস্ত্রোপচার ও কেমোথেরাপির কঠিন অধ্যায় পেরিয়ে অবশ্য আবারও ক্যামেরার সামনে ফিরেছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অসুস্থতা ও জীবনসংগ্রামের সেই দুঃসহ দিনগুলোর কথা জানিয়েছেন তিনি।
গত বছরের ডিসেম্বরে শুটিং চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিয়া বৃষ্টি। তীব্র মাথাব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষা করান। পরে পরীক্ষার প্রতিবেদনে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।
টিউমার শনাক্ত হওয়ার পর দ্রুত ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। সেখানে তাঁর মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়। তবে উন্নত চিকিৎসার জন্য পরে ভারতের চেন্নাইয়ে যান তিনি। সেখানকার এমজিএম হাসপাতালে আরও একটি জটিল অস্ত্রোপচারসহ দীর্ঘ চিকিৎসা ও কেমোথেরাপি নিতে হয় তাঁকে।
চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হন এই অভিনেত্রী। তানিয়া জানান, সেখানকার একজন ক্যানসার বিশেষজ্ঞ তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বলেছিলেন, তিনি হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন। চিকিৎসকের মুখে এমন কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। জীবনে প্রথমবার এত বড় ধাক্কা সামলাতে হয়েছিল তাঁকে।
অসুস্থতার সেই কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে ছিলেন পরিবারের সদস্যরা। বিশেষ করে মা ও বোনের নির্ঘুম রাত, নিরলস সেবা এবং ভক্তদের দোয়া তাঁকে নতুন করে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছে। নাট্যাঙ্গনের সহকর্মীরাও নিয়মিত তাঁর খোঁজখবর নিয়েছেন।
দীর্ঘ চিকিৎসা ও বিশ্রামের কারণে প্রায় ৯ মাস অভিনয় থেকে দূরে থাকতে হয় তানিয়াকে। গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে নিজের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান তিনি। এরপর ধীরে ধীরে কাজে ফেরার প্রস্তুতি নেন।
অবশেষে দীর্ঘ বিরতি কাটিয়ে গত সপ্তাহে ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নামের একটি একক নাটকের শুটিংয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। অসুস্থতার কারণে থেমে যাওয়া ক্যারিয়ার আবারও এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au