বিশ্ব

সোনম ওয়াংচুকের স্কুলের ক্লাস বন্ধের নোটিশ

  • 12:32 pm - November 04, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার
সোনম ওয়াংচুকের স্কুলের ক্লাস বন্ধের নোটিশ।

ভারতের লাদাখের প্রখ্যাত প্রকৌশলী, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক পরিচালিত একটি স্কুলের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাদাখ প্রশাসন। প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ক্লাস চালু করার অভিযোগে লেহর ডেসার্ট ফ্লাওয়ার স্কুলকে এ নির্দেশ দেওয়া হয়েছে। স্কুলটির মূল প্রতিষ্ঠান হিমালয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভস, লাদাখের (হিয়াল) জমি বরাদ্দ নিয়ে চলমান আইনি বিরোধের মধ্যেই নতুন এই নির্দেশ এলো।

লেহর তহশিলদার এ বিষয়ে একটি নোটিশ পাঠিয়েছেন সোনম ওয়াংচুকের স্ত্রী এবং হিয়ালের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর গীতাঞ্জলি জে আংমোকে। নোটিশে তাঁকে কঠোরভাবে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টে বিচারাধীন মামলাকে প্রভাবিত করতে পারে, এমন কোনো পদক্ষেপ না নেওয়ার কথা বলা হয়েছে।

প্রশাসনের ভাষ্য অনুযায়ী, হিয়াল বিশ্ববিদ্যালয়ের ইকোসিস্টেমের অধীনে লাদাখের ফিয়াং এলাকায় ডেসার্ট ফ্লাওয়ার স্কুল পরিচালনার পরিকল্পনা করা হয়। এ জন্য স্কুলটির প্রস্তাবিত ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অনাপত্তিপত্র চেয়ে গত ২২ সেপ্টেম্বর লেহর ডেপুটি কমিশনারের কাছে আবেদন করেছিলেন গীতাঞ্জলি জে আংমো। তবে প্রশাসনের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় সম্মতি ও অনুমোদন পাওয়ার আগেই স্কুলটিতে ক্লাস ও অন্যান্য কার্যক্রম শুরু করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অথবা আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্কুলের কার্যক্রম পরিচালনা বা নতুন করে শুরু করার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। একই সঙ্গে প্রতিষ্ঠানের এমন কোনো কর্মকাণ্ড না করার নির্দেশ দেওয়া হয়েছে, যা বিচারাধীন মামলার ওপর প্রভাব ফেলতে পারে।

হিয়াল বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা জমি নিয়ে বিরোধের সূত্রপাত ২০১৮ সালের মে মাসে। ওই সময় হিমালয় অঞ্চলে টেকসই উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে একটি বিকল্প বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ফিয়াং থাং এলাকায় হিয়ালকে জমি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়। শর্তসাপেক্ষে ৪০ বছরের জন্য জমিটি ইজারা দেওয়ার কথা ছিল।

তবে ২০২৫ সালের ২১ আগস্ট লাদাখ প্রশাসন জমি বরাদ্দ বাতিল করে। প্রশাসনের অভিযোগ, প্রতিষ্ঠানটি নির্ধারিত সময়ে ইজারার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেনি এবং যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটিও প্রতিষ্ঠা করেনি।

প্রশাসনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করে হিয়াল কর্তৃপক্ষ। চলতি বছরের সেপ্টেম্বরে মামলার শুনানির সময় আদালত বিতর্কিত জমির ওপর তৃতীয় কোনো পক্ষের অধিকার সৃষ্টি না করার জন্য প্রশাসনকে নির্দেশ দেন। তবে আদালতের এই অন্তর্বর্তী আদেশে জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত স্থগিত বা বাতিল করা হয়নি।

অক্টোবরে আদালতে জমা দেওয়া ১৩৬ পৃষ্ঠার এক হলফনামায় জমি বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরে লাদাখ প্রশাসন। তাদের দাবি, ২০১৯ সালের মে মাসেই হিয়ালের জমি বরাদ্দ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গিয়েছিল। কারণ, নির্ধারিত এক বছরের মধ্যে ইজারা দলিল কার্যকর করা হয়নি এবং বাধ্যতামূলক জমির প্রিমিয়ামও জমা দেওয়া হয়নি।

প্রশাসন আরও দাবি করেছে, লাদাখের উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ সালের অক্টোবরের একটি সনদ অনুযায়ী, হিয়াল কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় নয় এবং প্রতিষ্ঠানটির কোর্সগুলোরও বিধিবদ্ধ অনুমোদন নেই।

তবে প্রশাসনের এসব অভিযোগের বিরোধিতা করেছে হিয়াল কর্তৃপক্ষ। গীতাঞ্জলি জে আংমোর দাবি, জমি বরাদ্দের মাত্র ১৫ দিন পর, ২০১৮ সালের ২০ মে ইজারা দলিল কার্যকরের জন্য আবেদন করেছিলেন তাঁরা। এ বিষয়ে পরবর্তী সময়েও বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

সোনম ওয়াংচুকও ইজারা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রশাসনের বিরুদ্ধে বিলম্বের অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ইজারা দলিল কার্যকরের জন্য তিনি পাঁচটি লিখিত আবেদন করেছেন, ১৫ বার সশরীরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছেন এবং ৩০ বার ফোন করেছেন।

ওয়াংচুক ২০২১ সালের ফেব্রুয়ারিতে দেওয়া একটি সরকারি চিঠির কথাও উল্লেখ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ওই চিঠিতে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর এবং কোভিড মহামারির কারণে সৃষ্ট বিলম্বের বিষয়টি স্বীকার করা হয়েছিল। পাশাপাশি ইজারার আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছিল।

সোনম ওয়াংচুকের অভিযোগ, লাদাখের পরিবেশ ও সামাজিক অধিকার নিয়ে তাঁর আন্দোলনের কারণে তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং জমি বরাদ্দের বিরোধকে সে উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। তবে প্রশাসন বলছে, বরাদ্দের শর্ত পূরণ না হওয়ায় তারা জমি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, সমাজসেবা ও উদ্ভাবনী শিক্ষায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৮ সালে এশিয়ার নোবেলখ্যাত র‍্যামন ম্যাগসেসে পুরস্কার পান সোনম ওয়াংচুক। গত কয়েক বছর ধরে লাদাখের পরিবেশ রক্ষা এবং স্থানীয় সংস্কৃতি ও স্বাতন্ত্র্য সংরক্ষণের দাবিতে তিনি অনশন, পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এ আমির খানের অভিনীত ‘ফুংসুখ ওয়াংড়ু’ চরিত্রটি তাঁর জীবন ও কাজ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছিল।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

দেশের ৮৪ শতাংশ কর্মী অনানুষ্ঠানিক খাতে, যোগ্যতা অনুযায়ী কাজ পান না স্নাতকদের বড় অংশ

বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধির গতি ৮২টি উদীয়মান অর্থনীতির দেশের গড় হারের তুলনায় অর্ধেক। দেশের কর্মক্ষম মানুষের প্রায় ৮৪ শতাংশই অনানুষ্ঠানিক খাতে কাজ করছেন। তাঁদের সংখ্যা প্রায়…

১০ হাজার টাকায় ডাকাতদের হাতে বিক্রি, তিন দিন পর নদীতে মিলল শ্যামলের লাশ

নরসিংদীর রায়পুরায় নিখোঁজের তিন দিন পর নেসলে ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মী শ্যামল চন্দ্র দাসের (৫২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, ১০ হাজার টাকার বিনিময়ে নৌকার…

পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা,  শেখ হাসিনাকে দোষ দিচ্ছে বিএনপি  

বাংলাদেশে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছে সরকার। আন্দোলনের চতুর্থ দিনে মঙ্গলবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে…

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলনের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা জানিয়েছে…

যুক্তরাজ্যে পরিচর্যাকর্মীদের জন্য সুখবর, ৫ বছর পরই স্থায়ী বসবাসের আবেদন

যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে বিদেশি পরিচর্যাকর্মীরা (কেয়ার ওয়ার্কার) পাঁচ বছর যুক্তরাজ্যে বসবাসের পরই…

‘ঘৃণা ছড়ালে প্রার্থনাকেন্দ্র বন্ধ’, অস্ট্রেলিয়ায় কঠোর পদক্ষেপের ঘোষণা পলিন হ্যানসনের

অস্ট্রেলিয়ায় যেসব প্রার্থনাকেন্দ্রে ঘৃণা ও সহিংসতার প্রচার করা হয়, সেগুলো বন্ধ করার ক্ষমতা চান ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। একই সঙ্গে সহিংসতায় উসকানি দেওয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au