শেখ হাসিনা সরকারের তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। ছবি: সংগৃহীত
ওটিএন বাংলা ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে ডিবিসি নিউজ কার্যালয় থেকে বের হওয়ার সময় তাঁকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। আটকের পর তাঁকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ডিবিসি নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদির অনিক সাংবাদিকদের বলেন, ইকবাল সোবহান চৌধুরীকে নিয়ে যাওয়ার বিষয়টি তাঁরা পরে জানতে পেরেছেন। অফিস থেকে বের হওয়ার সময় ডিবি সদস্যরা তাঁকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যান। তবে কী কারণে তাঁকে নেওয়া হয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
মুক্তাদির অনিক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময়ের কোনো মামলার বিষয়ে তাঁকে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে তাঁরা খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। ডিবিসি কর্তৃপক্ষও এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে।
ডিবিসি নিউজের ক্রাইম বিভাগের প্রধান রাজীব ঘোষের সঙ্গে ডিবির কর্মকর্তাদের ভালো সম্পর্ক রয়েছে বলে জানান মুক্তাদির অনিক। তাঁর ভাষ্য, সেই সূত্রে ডিবির পক্ষ থেকে রাজীব ঘোষকে ডেকে ঘটনার বিষয়ে কথা বলার কথা জানানো হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অনেকটা আড়ালে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী।
এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে ফেরত পাঠানো হয়। তবে সে সময় তাঁকে ফেরত পাঠানোর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
ইকবাল সোবহান চৌধুরী দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টার দায়িত্ব পালন করেন।
দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ডিবিসি নিউজের সভাপতির দায়িত্বে রয়েছেন।