বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা, গাজীপুর, মানিকগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জে এসব ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানীর ফার্মগেট ও মিরপুরে দুটি এবং গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। একই দিন রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত পাঁচটি এবং মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানেও আগুন দেওয়া হয়।
এসব ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে ফার্মগেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মেট্রোরেল স্টেশনে ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনটি বন্ধ রাখা হয়। অন্যদিকে বনশ্রী ও ঢাকা মহানগর দায়রা ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার ঘটনায় রাজধানীতে পৃথক অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি গোষ্ঠী দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝে মধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোরভাবে দমন করবে। এটা যারাই করুক, এরা সবাই দুষ্কৃতকারী।’
ফার্মগেটে বাসে আগুন, আতঙ্কে মেট্রোরেলের যাত্রীরা
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। ঘটনার সময় বাসটিতে চালক, সহকারী কিংবা কোনো যাত্রী ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ফার্মগেটে বাসে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে সন্ধ্যা ৭টা ৯ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বাসটি সেখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। বাসটির পাশেই মেট্রোরেল স্টেশনের ডিজেল জেনারেটর ছিল। সেখানে প্রায় এক হাজার লিটার ডিজেল মজুত ছিল। আগুন জেনারেটর কিংবা ডিজেলের মজুতের দিকে ছড়িয়ে পড়লে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
এদিকে জ্বলন্ত বাস থেকে নির্গত ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত স্টেশন থেকে বেরিয়ে যান। পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার স্বার্থে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রীদের স্টেশনে প্রবেশ ও বের হওয়া বন্ধ রাখা হয়। পরে সন্ধ্যা ৭টা ২ মিনিটে স্টেশনটি আবার চালু হলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বাসটিতে কীভাবে আগুন দেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।
এদিকে একই দিন সন্ধ্যার পর রাজধানীর মিরপুরেও একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোস্তগোলা ব্রিজের ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ
সোমবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর একাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে বনশ্রী, মহাখালী, সিএমএম আদালত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মিরপুর এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সোমবার সকাল সোয়া ৬টার দিকে রাজধানীর বনশ্রীর জি-ব্লকে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রাবণ সরদার ও রবিন নামে দুজনকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এর আগে সকাল ৬টার দিকে মহাখালীর আমতলী এলাকায় উড়ালসড়কের ওপর থেকে একটি ককটেল নিক্ষেপ করা হয়। বনানী থানার ওসি মো. সালাহউদ্দীন জানান, মোটরসাইকেলে করে আসা দুই যুবক উড়ালসড়ক থেকে ককটেলটি নিচে ছুড়ে মারেন। সেটি বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হননি।
সন্ধ্যায় ঢাকা মহানগর সিএমএম আদালতের ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. ফয়সাল ও সুকুমার হালদার। তাদের কাছ থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা হলেন জাবির সালেহীন দিপু ও আব্দুল্লাহ আল জোবায়ের।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন জানান, আটক ব্যক্তিদের একজনের ব্যাগে ককটেলসদৃশ কিছু বস্তু পাওয়া গেছে। তবে সেগুলোতে মারাত্মক কোনো বিস্ফোরক উপাদান ছিল না বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ছাড়া সন্ধ্যায় মিরপুরে সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই সময় ফটকের পাশে থাকা কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।
এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের সাউথইস্ট ইউনিভার্সিটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
চন্দ্রায় দুটি বাসে আগুন, মানিকগঞ্জে চার ককটেল বিস্ফোরণ
রাজধানীর বাইরে গাজীপুর ও মানিকগঞ্জেও অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে দাঁড়িয়ে থাকা দুটি পরিত্যক্ত বাসে আগুন দেওয়া হয়। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সোমবার রাতে দুটি এবং মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন এসব বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।
একই দিন সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জেও প্রায় ১০ মিনিটের ব্যবধানে দুটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটে।
আগের রাতেও বিভিন্ন স্থানে বাসে আগুন ও বিস্ফোরণ
সোমবারের ধারাবাহিকতায় আগের দিন রোববার রাতেও দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নিমতলা মোড়ে রোববার রাতে একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আরও একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়। একই রাতে নগরের নিউ মার্কেট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশিদ এসব ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের গেন্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেওয়া হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এ ছাড়া বরগুনা পুলিশ লাইনসের সামনের সড়কে পার্কিং করে রাখা বিআরটিসির একটি বাসেও আগুন দেওয়া হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজধানীতে পৃথক অভিযানে আরও ১৫ জন গ্রেপ্তার
এদিকে সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পুলিশকে লক্ষ্য করে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পৃথক অভিযানে আরও ১৫ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ডিএমপি।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত পৌনে ২টার দিকে রাজধানীর রূপনগর থানা ভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় আশরাফুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অঙ্গসংগঠনের সদস্য।
এ ছাড়া দারুস সালাম এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ চারজন, ডিবি পাঁচজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) তিনজনকে গ্রেপ্তার করেছে।
এ ছাড়া রোববার রাত ১টার দিকে তুরাগের ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপ্লব খান নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।
মঙ্গলবার ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচির ঘোষণা
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পক্ষ থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সারা দেশে ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচি পালনের ঘোষণা দেখা গেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ঘোষিত এই কর্মসূচিকে সামনে রেখে গত কয়েক দিন ধরে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ক্রমাগত অগ্নিসংযোগ ও বিস্ফোরণের ঘটনায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহন, গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনসমাগমস্থলকে লক্ষ্য করে এসব ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।