বাংলাদেশে নিহত কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফ। ছবিঃ সংগৃহীত
বাংলাদেশে নিহত কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের স্মরণে জানাজা (নামাজে জানাজা) আদায় করেছেন বাংলাদেশে অধ্যয়নরত কাশ্মীরি এমবিবিএস শিক্ষার্থীরা। সহপাঠীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় এ আয়োজন করেন তারা। এদিকে প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবহনসংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় আদনান আলতাফের মরদেহ আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে কাশ্মীরের উদ্দেশে পাঠানোর কথা রয়েছে।
অল ইন্ডিয়া মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএমএসএ) সভাপতি ডা. মোহাম্মদ মোমিন খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এর আগে আদনানের মরদেহ ৮ নভেম্বর ভারতে পৌঁছানোর কথা ছিল। তবে প্রয়োজনীয় নথিপত্র ও অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দেরি হওয়ায় মরদেহ পাঠানোর প্রক্রিয়া পিছিয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি থাকায় এ প্রক্রিয়ায় আরও বিলম্ব হয়।
ডা. মোহাম্মদ মোমিন খান জানান, বর্তমানে মরদেহ কাশ্মীরে পাঠানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বারলাও প্যাকার্স অ্যান্ড শিপার্সের (BARLAW PACKERS AND SHIPPERS) মাধ্যমে মরদেহ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। আজ সন্ধ্যায় ঢাকা থেকে মরদেহ পাঠানোর কথা রয়েছে।
এআইএমএসএ জানিয়েছে, আদনানের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করেছে ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বিশেষ করে কলেজ প্রশাসনের মি. আত্তাউল রাজীব, ডা. শাহ মোহাম্মদ সেলিম ও তাবাসসুম গাজালার ভূমিকার কথা উল্লেখ করেছে সংগঠনটি।
এ ছাড়া কলেজটিতে অধ্যয়নরত কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী সাকলায়েন ফারুক, আসলাম ও শহীদের নিরবচ্ছিন্ন সহযোগিতা ও সমন্বয়ের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
মরদেহ পরিবহনের কার্গো খরচ নির্বাহে ইস্টার্ন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ৩ লাখ ৮৬ হাজার বাংলাদেশি টাকা সহায়তা দিয়েছে। এ অর্থ আদনানের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার পরিবহনব্যবস্থা সহজ করতে ব্যয় করা হচ্ছে।
এআইএমএসএ বাংলাদেশের ভারতীয় দূতাবাস এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আদনানের মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সময়মতো হস্তক্ষেপ, প্রয়োজনীয় সমন্বয় ও সহযোগিতা করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে সংগঠনটি।
সংগঠনটি আরও জানিয়েছে, আদনানের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার পাশাপাশি তাঁর মৃত্যুর পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার প্রচেষ্টা অব্যাহত রাখবে তারা।
আদনান আলতাফের মৃত্যুকে কেন্দ্র করে তাঁর মরদেহ দেশে ফিরিয়ে নেওয়ার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। এআইএমএসএ জানিয়েছে, পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি ঘটনার ন্যায়সংগত তদন্তের দাবিতেও তারা সোচ্চার থাকবে।
সূত্রঃ গ্রেটার কাশ্মির