বাংলাদেশ

ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনে আতঙ্ক, নিরাপত্তাহীনতায় রাজধানীসহ বিভিন্ন জেলার মানুষ

  • 5:50 am - November 11, 2026
  • পঠিত হয়েছে:৪১ বার
সোমবার সন্ধ্যায় ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, পেট্রোলবোমা নিক্ষেপ ও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা বাড়ছে। গত কয়েক দিনে রাজধানীর পাশাপাশি গাজীপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, চট্টগ্রাম, রংপুর, বাগেরহাট ও শরীয়তপুরসহ বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটেছে। এর মধ্যে ফরিদপুরে বাসে আগুনের ঘটনায় ঘুমন্ত চালকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

কোথাও চলন্ত যানবাহন লক্ষ্য করে ককটেল ছোড়া হচ্ছে, কোথাও পার্কিং করা বাসে আগুন দেওয়া হচ্ছে। আবার গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা চলছে। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি কার্যালয়, পুলিশি স্থাপনা ও জনসমাগমস্থলের আশপাশেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, অভিভাবক, পরিবহনশ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের সমর্থকদের সংশ্লিষ্টতা রয়েছে। তবে বিরোধী দলের নেতারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিচ্ছিন্ন কিছু নাশকতার ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ভয়াবহ বলা ঠিক নয়।

রাজধানীতে এক রাতে ১৫টি ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণ এবং দুটি বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়। এসব ঘটনায় বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে গণপরিবহনে আগুন দেওয়ার ঘটনায় যাত্রী ও পরিবহনশ্রমিকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

রাজধানীর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়া হয়। এ সময় আশপাশের যাত্রী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই রাতে মিরপুর সাড়ে ১১ নম্বর এলাকায় দাঁড়িয়ে থাকা বসুমতি পরিবহনের আরেকটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, সিএমএম আদালত প্রাঙ্গণ, তেজগাঁও শিল্পাঞ্চল, উত্তরা, মিরপুর, আদাবর ও বনানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে সিআইডি সদর দপ্তর, পল্লবী থানা ও পুলিশের বিভিন্ন স্থাপনার সামনেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। ভাটারা এলাকায় একটি স্কুলবাসে আগুন দেওয়ার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।

রাজধানীর বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ধ্যার পর সাধারণ মানুষের চলাচল কমে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া এড়িয়ে চলছেন অনেকে।

ঢাকার বাইরে মহাসড়ক, সরকারি স্থাপনা ও যানবাহনে হামলা

রাজধানীর বাইরেও বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৃথক সময়ে আজমেরী পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়। গুরুত্বপূর্ণ এই মহাসড়কে একের পর এক বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

মানিকগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়, পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া পুলিশ ফাঁড়ি ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। এসব ঘটনায় সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে পুলিশ।

গোপালগঞ্জে সরকারি জেলা স্কুল, সরকারি মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমি ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঢাকা–খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে এবং ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রামের হাটহাজারীতে বাস ভাঙচুরের সময় তিনজনকে গ্রেফতার এবং দুটি পেট্রোলবোমা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আনোয়ারায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর আগুন লাগে।

এদিকে রংপুরের মিঠাপুকুরে মহাসড়ক থেকে পাঁচটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। বাগেরহাটে একটি পণ্যবাহী পিকআপে আগুন দেওয়া হয়। শরীয়তপুরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় অবরোধ ও যানবাহন ভাঙচুরের খবর পাওয়া গেছে।

এসব ঘটনায় একদিকে যেমন যান চলাচল ব্যাহত হয়েছে, অন্যদিকে বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ফরিদপুরে বাসে আগুন, প্রাণ গেল ঘুমন্ত চালকের

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ঘটনা ঘটেছে ফরিদপুরে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক কালাচান শেখ।

আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পার্কিং করা বাসে আগুন দেওয়ার এই ঘটনায় পরিবহনশ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। দূরপাল্লার যাত্রা শেষে অনেক চালক ও সহকারী বাসের ভেতরেই বিশ্রাম নেন। ফলে চলন্ত যানবাহনের পাশাপাশি পার্কিং করা গাড়িও এখন অগ্নিসংযোগের ঝুঁকিতে রয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবহনসংশ্লিষ্টরা।

তাঁদের আশঙ্কা, এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে চালক, সহকারী ও পরিবহনশ্রমিকদের জীবন ঝুঁকির মুখে পড়বে। একই সঙ্গে যাত্রীদের মধ্যেও গণপরিবহনে চলাচল নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে।

‘পরীক্ষা না থাকলে মেয়েকে স্কুলে পাঠাতাম না’

নিরাপত্তা নিয়ে উদ্বেগের বড় একটি অংশজুড়ে রয়েছেন অভিভাবকেরা। রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্তানদের স্কুলে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

মোহাম্মদপুরের বাসিন্দা সাবিহা লায়লার মেয়ে আনিকা নাওয়ার অষ্টম শ্রেণিতে পড়ে মুন্সী আব্দুর রউফ স্কুলে। মেয়ের পরীক্ষা থাকায় উদ্বেগ নিয়েই তাঁকে স্কুলে পাঠিয়েছেন সাবিহা।

তিনি বলেন, ‘আজ আমার মেয়ের পরীক্ষা। পরীক্ষা না থাকলে যেতে দিতাম না। চারদিকে যে রকম বোমাবাজি চলছে।’ তিনি আরও বলেন, ‘শিয়া মসজিদের কাছে স্কুলের বাসে তাকে তুলে দিয়েছি। ফিরে না আসা পর্যন্ত টেনশনে ছিলাম। পরীক্ষা না থাকলে হয়তো আর পাঠাবো না।’

বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের এক শিক্ষার্থীর অভিভাবক কামরুজ্জামান শাহিন বলেন, ‘আমরা সাধারণ মানুষ। এমনিতেই জিনিসপত্রের দাম অনেক বেশি। তার ওপর দেশ আবার অস্থিতিশীল হলে আমরা কোথায় যাবো?’

তিনি বলেন, ‘যে হারে ককটেল, বাসে আগুনের ঘটনা ঘটছে, তাতে ছেলেমেয়ে নিয়ে রাস্তায় বের হতেও ভয় লাগছে। এই এলাকাতেও ককটেল মারা হয়েছে শুনলাম। দিন যত যাচ্ছে, আতঙ্ক আর উদ্বেগ বাড়ছে।’

আরেক অভিভাবক রোজিনা ইসলাম বলেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে সন্তানদের নিয়ে বাইরে বের হতে ভয় পাচ্ছেন অনেক অভিভাবক।

তিনি বলেন, ‘আমরা কি আবারও সেই অস্থিতিশীলতার দিকে যাচ্ছি? বাচ্চাদের নিয়ে অনেকেই বের হতে ভয় পাচ্ছেন। একজন নাগরিক হিসেবে বলবো, আমাদের এই ভয় দূর করার দায়িত্ব রাষ্ট্রের। আমরা এসব আতঙ্কের অবসান চাই।’

‘ককটেলে আহত হলে আমাকে দেখবে কে?’

রাজধানীর বনশ্রীর বাসিন্দা ও বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আবির হোসেনের আশঙ্কা, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে সহিংসতা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে দেশের যে ক্ষতি হয়েছে, তার ক্ষত এখনও শুকায়নি। আবারও সেই রকম ঘটনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’

নিজের উদ্বেগের কথা জানিয়ে আবির হোসেন বলেন, ‘আমি অফিস থেকে এসে স্ত্রী ও বাচ্চা নিয়ে কোথাও যাবো, গত কয়েক দিনের ঘটনায় এখন ভয় পাচ্ছি। এই বনশ্রীতেও ককটেল ফুটেছে। এখন আমি বের হলাম, ককটেলে আহত হলাম, আমাকে দেখবে কে? মালিবাগে ছোট একটা ছেলের ওপর ককটেল পড়েছে। আমরা কোন দিকে যাচ্ছি, নির্ভয়ে বাড়ি থেকে বের হতেও পারবো না?’

রাজধানীর মালিবাগে ককটেল বিস্ফোরণে এক কিশোর আহত হওয়ার ঘটনাও সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। জনবহুল এলাকায় বিস্ফোরণের কারণে পথচারী ও আশপাশের বাসিন্দারাও ঝুঁকির মধ্যে পড়ছেন বলে মনে করছেন তাঁরা।

সন্ধ্যার পর ব্যবসা–বাণিজ্য ও পরিবহনেও প্রভাব

নিরাপত্তার শঙ্কা ব্যবসায়ী ও পরিবহনশ্রমিকদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলছে। ব্যবসায়ী মিলন বলেন, গত এক সপ্তাহের পরিস্থিতিতে সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া অনেকেই বাইরে বের হচ্ছেন না। এতে ব্যবসা–বাণিজ্যেও প্রভাব পড়ছে।

তিনি বলেন, ‘এখন ব্যবসা–বাণিজ্য কতটা ভালো, মার্কেটে আসলে বোঝা যায়। গত এক সপ্তাহের পরিস্থিতিতে মানুষ সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না। অন্যদের মতো আমিও আতঙ্কিত।’

পরিবহনচালক সেলিম বলেন, সন্ধ্যার পর বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে।

তিনি বলেন, ‘সন্ধ্যার পর থেকে যা ঘটছে, তাতে জীবন হাতে নিয়ে চলতে হয়। প্রয়োজন না হলে গাড়ির স্টিয়ারিং ধরতাম না। কিন্তু আমাদের করার কিছু নেই। ঝুঁকি নিয়েই চলছি।’ তাঁর প্রশ্ন, ‘গাড়িতে আগুন দিচ্ছে, ককটেল মারছে। আমাদের নিরাপত্তা কোথায়?’

‘আতঙ্ক ছড়ানোর চেষ্টা’, দাবি পুলিশের

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, পরিকল্পিতভাবে অস্থিরতা সৃষ্টি এবং জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের সদস্য ও সমর্থকদের সংশ্লিষ্টতা রয়েছে বলে পুলিশের দাবি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ–পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও এর অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন বলে জানান তিনি।

মঙ্গলবার তিনি জানান, রাজধানীতে আগের ২৪ ঘণ্টায় ককটেল বিস্ফোরণ ও নাশকতার চেষ্টার ঘটনায় অন্তত ৩৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন স্থানে তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তবে গ্রেফতার হওয়া প্রত্যেক ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতা নিশ্চিত করা যায়নি বলেও জানান তিনি।

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। নগরবাসীকে সতর্কভাবে চলাচল করার পরামর্শ দিয়ে তিনি বলেন, কোথাও কাউকে এ ধরনের কর্মকাণ্ড করতে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।

তিনি বলেন, ‘আমরা দুর্বৃত্তদের আইনের আওতায় আনছি। নগরবাসীকে বলতে চাই, সতর্ক হয়ে চলাফেরা করুন। কোথাও যদি দেখেন কোনও দুর্বৃত্ত এ ধরনের কাজ করছে, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে জানান। পুলিশ আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।’

অভিভাবকদের আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেন তিনি।

এর আগে সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা লক্ষ্য করছি, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে এবং কিছু স্থাপনায় আক্রমণ করছে। এটা পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নেবে, কঠোর দমন করবে।’

এসব ঘটনার সঙ্গে কারা জড়িত, জানতে চাইলে তিনি বলেন, ‘যারাই করুক, তারা দুষ্কৃতকারী।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে বিরোধী দলের উদ্বেগ

দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেন বিরোধী দলের নেতারা। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি বিভিন্ন স্থানে গুপ্ত হামলা চালাচ্ছে এবং বাসে আগুন দেওয়া হচ্ছে। মৌলভীবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাও তিনি সংসদে উল্লেখ করেন।

তিনি বলেন, গত সাত মাস ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তাঁরা বলে আসছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা দৃশ্যমান বলে মন্তব্য করেন তিনি। সংবিধান সংশোধনের বিষয়ে মন্ত্রণালয়কে যতটা তৎপর দেখা যায়, আইনশৃঙ্খলা নিশ্চিত করার ক্ষেত্রে ততটা দেখা যায় না বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম।

গোয়েন্দা তৎপরতা এবং ভারতের সঙ্গে কূটনৈতিক তৎপরতার ব্যর্থতার অভিযোগ তুলে সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপ ও জবাবদিহি চান তিনি।

পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, গত কয়েক দিনে আর্মি গলফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে, থানার ফটক ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন এমন ঘটনা ঘটেছে এবং সর্বশেষ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের দমনে গিয়ে এক সেনাসদস্য নিহত হওয়ার ঘটনা, সাজেককে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ও সংসদে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা।

সরকারি দলের কার্যালয় ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী ব্যবস্থা নিয়েছে এবং কাদের গ্রেফতার করেছে, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না।

পুলিশ, বিজিবি, র‍্যাব, এপিবিএন ও আনসারসহ একাধিক বাহিনী থাকার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণ জানতে চান তিনি।

‘বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পরিস্থিতি ভয়াবহ বলা যৌক্তিক নয়’: স্বরাষ্ট্রমন্ত্রী

বিরোধী দলের অভিযোগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সংসদে জানান তিনি। এসব ঘটনায় কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে।

ঢাকার সিএমএম আদালত এলাকার একটি ঘটনার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানে তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনাও উল্লেখ করেন তিনি। তবে এ ধরনের দু–একটি প্রতীকী ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে কিংবা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, এমন বলা যৌক্তিক নয় বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাতের অন্ধকারে পরিত্যক্ত অথবা চালক–সহকারীহীন গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হওয়ার প্রমাণ হিসেবে দেখার বিষয়ে আপত্তি জানান তিনি।

তবে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন সালাহউদ্দিন আহমদ। আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হওয়ার চেষ্টা করছে কি না এবং সীমান্তের ওপার থেকে তাদের কোনো ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা হলে সেই ষড়যন্ত্র উন্মোচন করা হবে।

‘সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক মনে করেন, সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, তা অনুমানের ভিত্তিতে নির্ধারণ না করে তদন্তের মাধ্যমে বের করা জরুরি।

তিনি বলেন, ‘ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। একটি গোষ্ঠী এসব ঘটনার মাধ্যমে জনমনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এর পেছনে কারা রয়েছে, তাদের রাজনৈতিক পরিচয় ও উদ্দেশ্য কী, সেটি তদন্তের মাধ্যমে খুঁজে বের করতে হবে।’

ড. তৌহিদুল হক বলেন, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা কিংবা সক্রিয় হওয়ার প্রসঙ্গ রাজনৈতিক আলোচনায় রয়েছে। তবে সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এর কতটা সম্পর্ক রয়েছে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

তিনি বলেন, ‘অপরাধীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো জরুরি।’

তাঁর মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচিত জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অপরাধীরা বারবার সহিংসতা ঘটিয়েও আইনের আওতার বাইরে থেকে গেলে তারা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে। তাই সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

একই সঙ্গে অপরাধ দমনের নামে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন এই অপরাধ বিশ্লেষক।

এই শাখার আরও খবর

শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে: প্রসিকিউটর

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে স্বেচ্ছানির্বাসন থেকে দেশে ফিরলে তাঁর বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো….

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইন অনুযায়ী’ সমাধান হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টিকে আইনি ও কারিগরি বিষয় হিসেবে দেখছে ভারত। এ…

বাংলাদেশে আদনান আলতাফের জানাজা পড়লেন কাশ্মীরি শিক্ষার্থীরা, মরদেহ যাচ্ছে কাশ্মীরে

বাংলাদেশে নিহত কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী আদনান আলতাফের স্মরণে জানাজা (নামাজে জানাজা) আদায় করেছেন বাংলাদেশে অধ্যয়নরত কাশ্মীরি এমবিবিএস শিক্ষার্থীরা। সহপাঠীকে শেষ বিদায় জানাতে এবং তাঁর আত্মার…

ঢাকা-গাজীপুরে চার বাসে আগুন, রাজধানীসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা, গাজীপুর,…

শেখ মুজিবের তর্জনী ভাঙা এই তরুণের পরিচয় মিলেছে, নাম খলিদ বিন মিয়াজ

ওটিএন বাংলা রিপোর্ট : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় আলোচনায় আসা তরুণের পরিচয় মিলেছে। তাঁর নাম খলিদ বিন মিয়াজ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।…

নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে নির্দেশ হুইপ জি কে গউছের

নিজের নির্বাচনী এলাকায় ‘গ্রাম্য গানবাজনা’ বন্ধে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তাঁর দাবি, এলাকার মানুষ এসব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au