বঙ্গবন্ধুর ভাস্কর্যের তর্জনী ভাঙা এই তরুণের নাম খলিদ বিন মিয়াজ
ওটিএন বাংলা রিপোর্ট :
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার ঘটনায় আলোচনায় আসা তরুণের পরিচয় মিলেছে। তাঁর নাম খলিদ বিন মিয়াজ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
তাঁর গ্রামের বাড়ি ভোলা জেলায়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে বাংলাদেশপন্থী লেখক ও সমালোচক হিসেবে পরিচয় দেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ভাস্কর্য ভাঙার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন খলিদ।
তিনি লেখেন, ‘লুকিয়ে থাকার পরও যেহেতু জেনে গেছেন! আপা এলে আমাদের কী হবে? তাহলে নিরেট সত্যি আজ বলে দেই—মুজিবের উপরে বসা ছেলেটা আমি। ডিসেম্বরকে স্বাগতম!’
খলিদ বিন মিয়াজের ওই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।
পোস্টে তাঁর দেওয়া বক্তব্যের সত্যতা, ভাস্কর্য ভাঙার ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা এবং ঘটনার পেছনের কারণ নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন ব্যবহারকারীরা। কেউ তাঁর বক্তব্যের সমালোচনা করছেন, আবার কেউ ঘটনার বিস্তারিত জানতে চাইছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ঝিনাইদহ শহরে শেখ মুজিবের ‘এক তর্জনী’ স্তম্ভও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।