পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বিজেপির সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন চলচ্চিত্র অভিনেতা মিঠুন চক্রবর্তী। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৯ জুলাই-
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৮ জুলাই) রাজ্যের শিল্পনগরী দুর্গাপুরে বিজেপির ‘পরিবর্তন সংকল্প সভা’য় অংশ নিয়ে তিনি রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারকে তীব্রভাবে আক্রমণ করেন। মোদি বলেন, পশ্চিমবঙ্গ এখন পরিবর্তন চায়, দুর্নীতিমুক্ত সরকার চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিজেপি।
দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে হাজারো সমর্থকের সামনে মোদি দাবি করেন, “তৃণমূল সরকারের সময় ফুরিয়ে এসেছে। বাংলায় এবার বিজেপির সরকার গঠন করতে হবে।” আগামী বছরের মার্চ-এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভার ২৯৪টি আসনের নির্বাচনের আগে এটি ছিল বিজেপির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী জমায়েত।
সভামঞ্চে ভাষণের আগে প্রধানমন্ত্রী মোদি দুর্গাপুরে ৫ হাজার ৪০০ কোটি রুপির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এরপর তিনি বক্তব্যে বলেন, “একসময় দুর্গাপুর-আসানসোল ছিল শিল্পে সমৃদ্ধ। কিন্তু আজ তা মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল সরকার শিল্পকে ধ্বংস করেছে। বিজেপি ক্ষমতায় এলে শিল্পায়নের নতুন জোয়ার আসবে, আর মানুষকে আর ছোটখাটো কাজের জন্য অন্য রাজ্যে ছুটতে হবে না।”
মোদি আরও বলেন, একসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাজের জন্য বাংলায় আসত, আর এখন বাংলার মানুষ নিজের রাজ্য ছেড়ে জীবিকার সন্ধানে বাইরে যাচ্ছে। এর পেছনে তৃণমূল সরকারের সীমাহীন দুর্নীতি ও সিন্ডিকেট রাজত্ব দায়ী বলে মন্তব্য করেন তিনি।
তৃণমূল সরকারের আমলে শিক্ষা খাতের দুর্নীতির প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, হাজার হাজার শিক্ষকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে। কাটমানি সংস্কৃতি এবং প্রশাসনের দুর্নীতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ও সাধারণ জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। “কেন্দ্রীয় সরকারের পাঠানো প্রকল্পের অর্থও নয়ছয় করছে রাজ্য সরকার,” অভিযোগ করেন মোদি।
বিজেপির পক্ষ থেকে তিনি আশ্বাস দেন, “একবার বিজেপিকে সুযোগ দিন। বাংলা বদলে যাবে—এটা আমাদের গ্যারান্টি।” তিনি বলেন, বিজেপি বাংলা ভাষার মর্যাদা দেয় এবং দেশের বিভিন্ন বিজেপি-শাসিত রাজ্যেও বাংলা ভাষাকে সম্মানজনক মর্যাদা দেওয়া হয়েছে।
মোদির অভিযোগ, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং মুর্শিদাবাদসহ সীমান্তবর্তী এলাকায় দাঙ্গার আশঙ্কা বেড়েছে। বিজেপি ক্ষমতায় এলে কঠোরভাবে এই প্রবণতা ঠেকানো হবে এবং রাজ্যে শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা হবে বলে তিনি ঘোষণা দেন।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসনে জয়ী হয়ে পুনরায় সরকার গঠন করে। বিজেপি পায় ৭৭টি আসন। কংগ্রেস ও বামদলগুলো কোনো আসনেই জয়ী হতে পারেনি। একটিমাত্র আসন জেতে আইএসএফ।
এর আগে একই দিন সকালে মোদি বিহারের মতিহারে একটি জনসভায় ভাষণ দেন। বিহারেও আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সুত্রঃ আনন্দবাজার পত্রিকা