ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১
ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…
মেলবোর্ন, ৩০ জুলাই- রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে বুধবার ভোরে রিখটার স্কেলে ৮ দশমিক ৮ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর একই এলাকায় আরও দুটি আফটারশক হয়—প্রথমটি ৬.৯ ও দ্বিতীয়টি ৬.৩ মাত্রার। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ১৯.৩ কিলোমিটার গভীরে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এটি ১৯০০ সালের পর রেকর্ডকৃত বিশ্বের ষষ্ঠতম শক্তিশালী ভূমিকম্প। এর আগে একই মাত্রার ভূমিকম্প ২০১০ সালে চিলি ও ১৯০৬ সালে ইকুয়েডরে হয়েছিল। ইউএসজিএস-এর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের সহকারী অধ্যাপক ড. হেলেন জেনিসজেউইস্কি। তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল ২০১১ সালে জাপানে, যার মাত্রা ছিল ৯।
এই ভূমিকম্পের পর রাশিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একাধিক দেশে জারি করা হয়েছে সুনামি সতর্কতা। জাপানে ইতোমধ্যেই আঘাত হেনেছে ৪ মিটার (১২ ফুট) উচ্চতার সুনামি ঢেউ, বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডো দ্বীপে। আরও ঢেউ আছড়ে পড়ছে জাপানের উপকূলীয় এলাকায়, যদিও অধিকাংশ ঢেউয়ের উচ্চতা ২ থেকে ৩ ফুটের মধ্যে রয়েছে।
জাপান সরকারের তথ্যমতে, রাজধানী টোকিওসহ উপকূলীয় অঞ্চল থেকে প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। সবচেয়ে বেশি মানুষ সরানো হচ্ছে হোক্কাইডো, কানাগাওয়া ও ওয়াকায়েমা দ্বীপ থেকে। পরিবহন ব্যবস্থাও ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। সেন্দাই আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে এবং টোকিও, হোক্কাইডো ও ওমোরির মধ্যকার ফেরি চলাচল স্থগিত করা হয়েছে।
রাশিয়ার কুড়িল দ্বীপপুঞ্জে সুনামির আঘাতে বহু অবকাঠামো ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সেখানে জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। সাখালিন অঞ্চলের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানান, সেভেরো-কুরিলস্ক শহরের প্রায় ২৫০০ বাসিন্দাকে উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
বিবিসি ও আল জাজিরার তথ্যমতে, জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, পেরু, ইকুয়েডর, চিলি, সলোমন দ্বীপপুঞ্জ, চীন, যুক্তরাষ্ট্রের হাওয়াই ও লস অ্যাঞ্জেলেসসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সাগরে সুনামি পরিস্থিতি ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে থাকতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে। হাওয়াই, লস অ্যাঞ্জেলেস এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলজুড়ে বিপজ্জনক ঢেউয়ের সম্ভাবনায় সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেছেন, “গত কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।” তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, উপকূলীয় এলাকায় ঢেউ ঢুকে পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ নিরাপদ জায়গার দিকে দৌড়াচ্ছেন।
ভূমিকম্প ও সুনামি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এই ভূমিকম্পের ধ্বংসক্ষমতা নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই যৌক্তিক।”
বিশ্বজুড়ে কর্তৃপক্ষ এখন ভূমিকম্প-পরবর্তী সুনামি পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় কাজ করছে এবং মানুষের জীবন রক্ষায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুত্রঃ বিবিসি ও আল জাজিরার
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au