সোমবার রাত ১১ টার পর ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বুয়েট শিক্ষার্থীরা শাহবাগে আসেন এবং সড়ক অবরোধ করেন। ছবিঃ ওটিএন বাংলা
মেলবোর্ন, ২৬ আগষ্ট- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা তিন দফা দাবিতে সোমবার রাত থেকে টানা ভোর পর্যন্ত ঢাকায় বিক্ষোভ করেছেন। রাত ১১টার দিকে তারা শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ ও সেনা সদস্যরা ব্যারিকেড দিয়ে বাধা দেন।
শিক্ষার্থীরা ভোর ৪টা পর্যন্ত সড়কে বসে স্লোগান দেন এবং জানিয়ে দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আন্দোলনকারীরা যেকোন একজন উপদেষ্টার সঙ্গে সরাসরি আলোচনারও আহ্বান জানিয়েছেন।

রাত গভীর হলেও শাহবাগে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ছবিঃ ওটিএন বাংলা
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত গভীর হলেও শাহবাগে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রাখলেও কোনো সহিংসতা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি সেনা সদস্যরাও মোতায়েন ছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে শাহবাগ, মৎস্যভবন ও কাকরাইলমুখী সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র যানজট তৈরি হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, সোমবার রাত ১১ টার পর ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে আসেন এবং সড়ক অবরোধ করেন। পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের কাছে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। তারা জানান, দাবির বিষয়ে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত সড়ক ছাড়বেন না।

যমুনার সামনে অবস্থান নিতে চাইলে পুলিশ ও সেনা সদস্যরা ব্যারিকেড দিয়ে বাধা দেন। ছবিঃ ওটিএন বাংলা
এ বিক্ষোভের সূত্রপাত একটি ঘটনার জেরে। ডিপ্লোমা টেকনিশিয়ানদের কোটা ইস্যুতে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া একজন শিক্ষার্থী। ওই ঘটনাকে কেন্দ্র করেই শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন।
বুয়েট শিক্ষার্থীদের তিন দাবি হলো-
১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সকলের জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নেওয়া।