রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- বাংলাদেশের রাজধানী ঢাকার শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর পৌনে ২টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে এগোতে চাইলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডে বাধা পান। এ সময় তারা ব্যারিকেড ভাঙতে চাইলে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের কয়েক রাউন্ড শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।
রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “পরিস্থিতি মোকাবিলায় পুলিশ মাঠে রয়েছে। শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে আমরা তাদের ছত্রভঙ্গ করি।”
বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে তাঁরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। ছবিঃ সংগৃহীত
এর আগে সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে প্রকৌশল শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেন। তিন দফা দাবিতে তারা স্লোগান দিতে থাকেন এবং দুপুর ১টার মধ্যে দাবি না মানলে সচিবালয় ঘেরাওয়ের আল্টিমেটাম দেন। তাদের স্লোগান ছিল—“আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম”, “কোটা না মেধায়, মেধায় মেধায়”, “অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই”, “কোটার নামে অবিচার, বন্ধ করো”, “কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও।”
প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো—
১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহারের অনুমতি না দেওয়া।
২. ডিপ্লোমা প্রকৌশলীদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
৩. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কেবল স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ বলেন, “তিন দফা দাবি আদায়ের প্রাথমিক ধাপ হিসেবে শাহবাগ অবরোধ করা হয়েছে। প্রয়োজনে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।”
অবরোধ কর্মসূচির কারণে শাহবাগ, মৎস্য ভবন, কাঁটাবন ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। শাহবাগমুখী বাসগুলোকে বিকল্প পথে ফেরত পাঠানো হচ্ছে। কাঁটাবনমুখী সড়কেও যানজটের চাপ বেড়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au