পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…
মেলবোর্ন, ২৮ আগষ্ট- বাংলাদেশের দিনাজপুরের বিরল উপজেলার কাঞ্চনমোড় এলাকায় জনপ্রিয় পিকনিক স্পট ‘জীবনমহল’-এ ইসলামবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে তৌহিদী জনতা(মব)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে তৌহিদী জনতার ব্যানারে হাজারো মানুষ এ ঘটনায় অংশ নেয়।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক ও ইসলামবিরোধী কর্মকাণ্ড চালানো হচ্ছিল। স্থানীয়দের ক্ষোভের জেরে বৃহস্পতিবার তা সহিংস রূপ নেয়। এ সময় তারা সাংবাদিকদের মোটরসাইকেলও ভাঙচুর করে।
পুলিশ জনতাকে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা সদস্যরা ভাঙচুর ও লুটপাটে জড়িত কয়েকজনকে বের করে দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থাপনা ভাঙচুর ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বিক্ষোভকারীরা জীবনমহলের মালিক ড. আনোয়ার হোসেন জীবন চৌধুরীর গ্রেপ্তার দাবি জানিয়ে মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল দীর্ঘ সময় বন্ধ থাকে। পরে বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
তৌহিদী জনতার পক্ষ থেকে মাওলানা হাফিজুর রহমান অভিযোগ করেন, জীবন চৌধুরীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে জীবনমহলে অসামাজিক কাজ ও দরবার শরীফের নামে ইসলামবিরোধী কার্যক্রম চলছে। শান্তিপূর্ণ প্রতিবাদে গেলে জীবন চৌধুরীর লোকজন তাদের ওপর হামলা চালায়, এতে অন্তত সাতজন আহত হন। পরে তারা পাল্টা প্রতিরোধে বাধ্য হন।
সংগঠনের আরেক নেতা নাইমুর রহমান বলেন, পূর্বঘোষিত কর্মসূচিতে বাধা দেওয়া এবং ছাত্রদের ওপর হামলার পর রক্তাক্ত ঘটনা ঘটে। এরপরই তারা প্রতিবাদে নামেন।
নেতা মতিউর রহমান কাসেমী জানান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে আলোচনায় তাদের দাবি উপস্থাপন করা হয়েছে। প্রশাসন দাবি পর্যালোচনার আশ্বাস দিয়েছে।
দিনাজপুরের পুলিশ সুপার মারুফাত হোসেন মারুফ বলেন, তৌহিদী জনতার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে। উভয় পক্ষ যদি আইনগত ব্যবস্থা নিতে চায়, তবে তা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেন, ভাঙচুর ও অগ্নিসংযোগ কোনো বীরত্ব নয়, বরং এটি দুঃখজনক ঘটনা। তিনি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে।
বর্তমানে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখনো উত্তপ্ত বলে জানিয়েছে প্রশাসন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au