বাংলাদেশ

দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের মূল্যস্ফীতি সবচেয়ে বেশি কেন

  • 8:12 pm - October 07, 2025
  • পঠিত হয়েছে:১৭৫ বার
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এখনো বাংলাদেশের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি। ছবিঃ ডেইলি স্টার

মেলবোর্ন, ৭ অক্টোবর- সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে, যা ভোক্তা ও নীতিনির্ধারকদের জন্য সামান্য স্বস্তি বয়ে এনেছে। তবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এখনো বাংলাদেশের মূল্যস্ফীতির হার সবচেয়ে বেশি।

২০২৪-২৫ অর্থবছরে দেশের গড় বার্ষিক মূল্যস্ফীতি দাঁড়ায় ১০ শতাংশে, যা ২০১৩ অর্থবছরের পর সর্বোচ্চ। এ সময় মালদ্বীপ ও পাকিস্তানে মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৫ শতাংশ, নেপালে ৪ দশমিক ১ শতাংশ, আর ভারত ও ভুটানে এর চেয়ে কিছুটা কম।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর সেপ্টেম্বর সংখ্যায় প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (ADO) অনুযায়ী, ২০২৬ অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ শতাংশে নামতে পারে—যদি আবহাওয়া অনুকূলে থাকে, আন্তর্জাতিক তেলের দাম কমে, এবং রাজস্ব ও মুদ্রানীতিতে কঠোরতা বজায় থাকে। তবুও, এডিবির পূর্বাভাসে দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের মূল্যস্ফীতি তখনও সর্বোচ্চ থাকবে।

প্রশ্ন উঠছে, যখন বৈশ্বিক বাজারে পণ্যের দাম তুলনামূলক স্থিতিশীল এবং বাংলাদেশ ব্যাংক ধারাবাহিকভাবে কঠোর মুদ্রানীতি অনুসরণ করছে, তখনও কেন এমনটা হচ্ছে?

২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ব্যাংক নীতির হার ১১ বার বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেছে।

নীতি বিশ্লেষক সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “আমরা দেরিতে কঠোরতা আনতে শুরু করেছি। সময়মতো পদক্ষেপ নিলে ভালো ফল পাওয়া যেত। এখানে ‘too little, too late’ প্রবাদটি পুরোপুরি খাটে।”

তিনি বলেন, কেবল মুদ্রানীতির কড়াকড়ি দিয়ে ফল পাওয়া সম্ভব নয়, কারণ বাংলাদেশের মূল্যস্ফীতি শুধু চাহিদা-নির্ভর নয়; সরবরাহ-নির্ভরও। প্রধান পণ্য আমদানিতে উচ্চ নির্ভরতা ও টাকার অবমূল্যায়নও বড় ভূমিকা রাখছে।

২০২১ অর্থবছর থেকে এখন পর্যন্ত মার্কিন ডলারের বিপরীতে টাকার মান ৪৩ শতাংশ কমেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এতে আমদানি পণ্য ও কাঁচামালের দাম বাড়ায় অভ্যন্তরীণ দামের ওপর বড় প্রভাব পড়েছে, যদিও পরে মুদ্রা স্থিতিশীল হয়েছে।

রাজনৈতিক অস্থিরতা ও ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে ভয়াবহ বন্যায় সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় খাদ্যপণ্যের দাম অস্থিতিশীল থাকে এবং খাদ্য মূল্যস্ফীতি উচ্চমাত্রায় ছিল।

বাজারে প্রতিযোগিতা সীমিত থাকায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকায় নীতিমালার পুরো প্রভাব ভোক্তার কাছে পৌঁছায়নি। ফাহমিদা খাতুন বলেন, “আমাদের দেশে কৃষক যে দামে বিক্রি করে, ভোক্তা অনেক বেশি দামে কিনে। অনেক ক্ষেত্রেই বাজার কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা হয়।”

তিনি আরও বলেন, মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে আগে সমন্বয়ের অভাব ছিল, যদিও সম্প্রতি কিছু সামঞ্জস্য দেখা যাচ্ছে।

নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক বিরুপাক্ষ পাল বলেন, “মূল্যস্ফীতির জন্য দায়ী বাংলাদেশের নীতিনির্ধারকরাই। সরকার অর্ধেক মনোভাব নিয়ে এগোচ্ছে। একদিকে সুদের হার বাড়িয়ে কঠোরতা দেখাচ্ছে, আবার অন্যদিকে টাকা ছাপাচ্ছে।”

তিনি জানান, বাংলাদেশ ব্যাংক জুলাই থেকে ১.৭ বিলিয়ন ডলারেরও বেশি বৈদেশিক মুদ্রা কিনেছে, যার বিনিময়ে বাজারে টাকা ছাড়তে হয়েছে। এটি মূল্যস্ফীতি বাড়াতে ভূমিকা রেখেছে।

নীতিনির্ধারণী গবেষণা প্রতিষ্ঠানের (PRI) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান বলেন, আগে মুদ্রানীতি শিথিল ছিল, যা এখন কঠোর করা হয়েছে। এতে সাম্প্রতিক সময়ে দামের ওপর কিছুটা চাপ কমেছে, তবে বড় ধরনের পতন দেখা যায়নি কারণ রাজনৈতিক অস্থিরতা ও টাকার মান কমার প্রভাব একসঙ্গে কাজ করছে।

তিনি বলেন, “গত এক বছরে রাজনৈতিক অস্থিরতায় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটেছে, আর টাকার অবমূল্যায়নে আমদানি খরচ বেড়েছে। অনেক ব্যবসায়ী জাতীয় নির্বাচন সামনে রেখে বিনিয়োগ স্থগিত রেখেছে, এতে বাজারে সরবরাহ কমেছে এবং দামের ওপর চাপ বেড়েছে।”

তিনি আশা প্রকাশ করেন, ফেব্রুয়ারি ২০২৬ সালে জাতীয় নির্বাচন শেষে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে মূল্যস্ফীতি আরও কমতে পারে।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, টাকার অবমূল্যায়নের কারণে ব্যয়বৃদ্ধি ২০২৬ সালেও মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার ওপরে রাখবে। এছাড়া যুক্তরাষ্ট্রে বাণিজ্য শুল্ক বৃদ্ধি পেলে বিনিময় হার সামঞ্জস্যের প্রয়োজন হবে, যা মূল্যস্ফীতি কমার গতি কমিয়ে দিতে পারে।

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৭ শতাংশের নিচে নামানোর লক্ষ্য নিয়েছে। তবে সেন্টার ফর পলিসি ডায়ালগের ফাহমিদা খাতুন সতর্ক করেছেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও নির্বাচনের আগে প্রার্থীদের অতিরিক্ত ব্যয় মূল্যস্ফীতিকে আবার উসকে দিতে পারে।

তিনি বলেন, “২০২৬ সাল দাম কমার বছর হবে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিনই থাকবে।”

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au