মায়ের শেষ বিদায়ে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
কারাগারে থাকা সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে অংশ নিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে…
মেলবোর্ন, ৩০ অক্টোবর- ২৯ অক্টোবর উদীচী শিল্পীগোষ্ঠী তার ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। ১৯৬৮ সালের এই দিনে শিল্পী সংগ্রামী সত্যেন সেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত উদীচী শুরু থেকেই দেশের মেহনতি মানুষের অধিকার আদায়, সাম্যবাদ ও মানবতার মুক্তির লড়াইয়ে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। ‘ঊনসত্তরের আগুনে জাগা’ সেই প্রথম গান থেকে আজও উদীচীর কণ্ঠে শোষণ, অন্ধকার ও প্রতিক্রিয়াশীলতার বিপরীতে আলোর, সাম্যের, মানবতার জয়গান বাজছে।
উদীচীর কার্যক্রম দেশের বিভিন্ন জেলায় উৎসবমুখর পরিবেশে পালন করা হয়েছে। ঢাকায় কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয় বিকাল ৩:৩০টায় সত্যেন সেন চত্বর থেকে ‘লালশহর’ শিরোনামে উন্মুক্ত রাজপথ পরিবেশনার মধ্য দিয়ে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রম সম্পন্ন হয়। উদ্বোধন ঘোষণা করেন আদিবাসী নেত্রী রেবেকা সরেণ।
উদীচী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলমের সভাপতিত্বে এবং সহ সাধারণ সম্পাদক ইকবালুল হক খানের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তৃতা করেন সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন। অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী, কবি ও শিল্পী কফিল আহমেদ, এবং গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক মফিজুর রহমান লালটু।
বক্তারা বলেন, বর্তমান সময়ে দেশে সাম্রাজ্যবাদের মদদে নব্য ফ্যাসিবাদের উত্থান ঘটছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তিক জনগোষ্ঠী আজও নিপীড়িত ও নির্যাতিত। এই অবস্থার বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই গড়ে তুলতে উদীচীর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাবিবুল আলম বলেন, উদীচীর নেতাকর্মীদের বিরুদ্ধে বহুবার ষড়যন্ত্র করা হলেও সংগঠন সর্বদা দৃঢ়তার সঙ্গে তা মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও মানবমুক্তির লড়াইয়ে নেতৃত্ব দিবে।
কেন্দ্রীয় অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। উদীচী, সমগীত ও বাউলদলের বৃন্দ সংগীত পরিবেশন, একক সংগীত পরিবেশন করেন রেজাউল করিম টুলু, মায়েশা সুলতানা উর্বি ও জলসা সিদ্দীক। আবৃত্তি পরিবেশন করেন উদীচী দলের বৃন্দ এবং একক আবৃত্তিতে অংশ নেন দীপক সুমন ও মৌমিতা জান্নাত।
উদীচীর প্রতিটি কার্যক্রমই লক্ষ্য করে সমাজে অন্যায়, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ, অসাম্প্রদায়িক ও সাম্যবাদী সমাজ গঠন। ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ে উদীচী’ শীর্ষক সেমিনারে বক্তারা এই অঙ্গীকার পুনরায় তুলে ধরেন।
আলোচনা সভায় অংশ নেন শিক্ষাবিদ অধ্যাপক এ এন রাশেদা, অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ, গবেষক মামুন সিদ্দিকী, উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী। অনুষ্ঠানের শেষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেক কাটা হয়, যা উদীচীর দীর্ঘদিনের সংগ্রাম ও সাংস্কৃতিক দায়বদ্ধতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au