মেলবোর্ন, ২৮ নভেম্বর- শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে দেশজুড়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১৪ জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।
চা উৎপাদনের জন্য পরিচিত বাদুল্লা জেলায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। রাতের অন্ধকারে পাহাড় ধসে সেখানে ১৬ জন চাপা পড়ে মারা যান। পার্শ্ববর্তী নুওয়ারা এলিয়াতেও একই ধরনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।
কাদামাটির ধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় হারানো এক হাজারের বেশি পরিবার ইতিমধ্যে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে উঠেছেন। দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে সতর্ক করা হয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশজুড়ে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টিপাত ২৫০ মিলিমিটারে পৌঁছাতে পারে। গত বছরও জুন এবং ডিসেম্বরের দুটি ভারি বর্ষণে শ্রীলঙ্কায় উল্লেখযোগ্য প্রাণহানি ঘটে।
দেশটির বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের বন্যা ও ভূমিধসের ঘটনা বাড়ছে, যা ভবিষ্যতে আরও বড় ঝুঁকি তৈরি করতে পারে।
সূত্র : এএফপি