মেলবোর্ন ২৮ নভেম্বর- একের পর এক প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির অভিযোগ ঘিরে ব্যাপক আলোচনায় অভিনেত্রী তানজিন তিশা। অনলাইন ফ্যাশন ব্র্যান্ড ‘অ্যাপোনিয়া’র শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ থেকে শুরু করে এখন প্রাণনাশের হুমকিসহ নানা বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।
এই ধারাবাহিক অভিযোগের প্রথমটি আসে অ্যাপোনিয়ার পক্ষ থেকে। শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ তুললে গত ২২ অক্টোবর তিশাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়। এতে ক্ষতিপূরণসহ সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের জন্য ক্ষমা চাইতে সাত দিনের সময় দেওয়া হয়। তবে নির্ধারিত সময়েও তিশা কোনো সাড়া না দেওয়ায় গত ৫ নভেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ১৮ নম্বর কোর্টে ৪২০/৪০৬ ধারায় মামলা করেন মো. আমিনুল ইসলাম। সিআর মামলা নম্বর-৯৬২/২০২৫।
আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার আবেদন করা হলে মামলাটি আমলে নিয়ে ডিবিকে তদন্তের নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা ডিবির এসআই বিনয় বলেন, ‘তিশাকে নোটিশ পাঠানো হয়েছে। সাড়া না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
এ অভিযোগের রেশ কাটতে না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ এনে গুলশান থানায় জিডি (নম্বর-৯৮৫) করেন আরেক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী। হুমকির অডিও ক্লিপও প্রকাশিত হয় গণমাধ্যমে। প্রতিবেদকের কাছেও আরও কিছু অডিও সংরক্ষিত আছে বলে জানা গেছে।
এরই ধারাবাহিকতায় সানায়া চৌধুরী ২৭ নভেম্বর ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ২ নম্বর আদালতে ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা করেন। অভিযোগ-৭৫ হাজার টাকার একটি শাড়ি আত্মসাৎ, প্রতারণা ও প্রাণনাশের হুমকি। মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারক মো. জিয়াদুর রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার।
তার ভাষ্য, ‘তিশা একজন সেলিব্রিটি। কিন্তু আচরণ যদি সন্ত্রাসীদের মতো হয়, সেটা ভয়ংকর। আমার মোয়াক্কেলকে তিনি প্রাণনাশের হুমকি দিয়েছেন, ভাইরাল করে দেওয়ার হুমকিও দিয়েছেন।’
মামলার বাদী সানায়া চৌধুরী বলেন, ‘আমি জীবন নিয়ে শঙ্কিত। ৭৫ হাজার টাকার শাড়ি নিয়েছেন, ফেরত দেননি। দাবি করলে ভয় দেখিয়েছেন-ডিবি দিয়ে আমাকে নিয়ে নেওয়া হবে। সব প্রমাণ আমার কাছে আছে।’
এ বিষয়ে জানতে চাইলে তানজিন তিশা বলেন, ‘আমি মামলা সম্পর্কে কিছু জানি না। তাকে প্রাণনাশের হুমকি দিইনি। সবটাই মিথ্যা।’
এদিকে আরও অভিযোগ-কলকাতার চলচ্চিত্র ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা বলে ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কাজ না করার অভিযোগ তুলেছেন ভারতীয় প্রযোজক শরীফ খান। তবে তিশার দাবি, তিনি ওই ছবির প্রযোজকই নন।
এর বিপরীতে মুখ খুলেছেন ছবির পরিচালক এম এন রাজ। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘তিশা ভুল বিবৃতি দিচ্ছেন। টাকা নেওয়া হয়েছে, কাজ করেননি-ফেরত দিতেই হবে।’
তিনি আরও জানান, তিশার জন্য শুটিং শিডিউল বদলাতে হয়েছে, এমনকি শারমান যোশির তারিখও সরাতে হয়েছে।
পরিচালকের দাবি, তিশা নির্ধারিত দিনে সময়মতো অ্যাম্বাসিতে যাননি, বরং ‘আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট’-এমন আচরণ করেছেন।
তারকাবিহীন অবস্থায় ১৭–১৯ সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করতে হয়েছে বলেও জানান তিনি।
এদিকে বড় পর্দায় তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে শাকিব খানের বিপরীতে ‘সোলজার’ ছবির মাধ্যমে। কিন্তু অভিষেকের আগেই একের পর এক বিতর্ক, অভিযোগ ও আইনি জটিলতায় ঘিরে পড়লেন তিশা।
এত বিতর্ক ও দুটি মামলার মাঝেও কি তিনি ক্যারিয়ার এগিয়ে নিতে পারবেন-নাকি নতুন করে আরও বিতর্কের জন্ম দেবেন-এখন সেটিই দেখার পালা।