মেলবোর্ন, ২৮ নভেম্বর- ভারতের উদয়পুরের রাজকীয় প্রাসাদ, বিশ্ব তারকাদের উপস্থিতি আর কোটি কোটি টাকার আয়োজন এই সবকিছুর মাঝে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন যুক্তরাষ্ট্রের পপস্টার জেনিফার লোপেজ।
নেত্রা মনটেনা ও ভামসি গাদিরাজুর জমকালো বিয়েতে তার পারফরম্যান্সের জন্য পারিশ্রমিক নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, তিনি নাকি নিয়েছেন ১৭ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ২৩ কোটি ২৫ লাখ টাকার বেশি। বিষয়টি সামনে আসতেই রীতিমতো আলোচনা ছড়িয়েছে বলিউড ও আন্তর্জাতিক গসিপ দুনিয়ায়।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ভারতের উদয়পুরের লেক ও প্রাসাদগুলোতে চলছিল বিয়ের বিশাল আয়োজন। বিলিয়নিয়ার রামা রাজু মনটেনার মেয়ে নেত্রা মনটেনা ও সুপারঅর্ডারের কোফাউন্ডার ভামসি গাদিরাজুর বিয়ে সম্পন্ন হয় লীলা প্যালেস, তাজ লেক প্যালেস, সিটি প্যালেস, জগমন্দির আইল্যান্ড প্যালেস এবং জেনানা মহলের মতো রাজপ্রাসাদে। ১৭শ শতাব্দীর মার্বেল দেয়ালে ফুলের সাজ, সাব্যসাচীর লাল শাড়িতে কনে ও ক্রিম শেরওয়ানিতে বর এ যেন এক সিনেমাটিক মহোৎসব।
এই বিয়ে যেন ছিল এক আন্তর্জাতিক রেড-কার্পেট। উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, হলিউড-বলিউডের নামকরা উদ্যোক্তা ও তারকারা। রণবীর সিং, জাহ্নবী কাপুর, শাহিদ কাপুর, নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ, কৃতি স্যানন, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান এই তারকাআর পুরো আসর মাতিয়েছে তাদের।
রণবীর সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয় যাতে দেখা যায় বিয়ের কনে নেত্রা ও ট্রাম্প জুনিয়রের বান্ধবী বেটিনা আন্দারসনের সঙ্গে নাচ সামাজিকমাধ্যমে এখনও ট্রেন্ডিং।
সবশেষে রোববার (২৩ নভেম্বর) রাতের পোস্ট-ওয়েডিং পারফরম্যান্সে মঞ্চে ওঠেন জেনিফার লোপেজ। রোজ-গোল্ড অ্যাসিমেট্রিক কউচার শাড়িতে তিনি সবার নজর কাড়েন। তার গান আর নাচে সবাই মুগ্ধ আর, এই পারফরমেন্সের জন্যই জেনিফার নিয়েছেন ১৭ কোটি রুপি।
অন্যদিকে, এটা লোপেজের প্রথম উদয়পুর বিয়ে নয়। ২০১৫ সালে সঞ্জয় হিন্দুজা ও অনুসূয়া মহতানির বিয়েতেও তিনি ছিলেন প্রধান আকর্ষণ। সেই সময় তার পারফরম্যান্স ফি ছিল প্রায় ৬.৫ কোটি রুপি।