মেলবোর্ন ১২ ডিসেম্বর-ঢাকার ফুটবলপ্রেমীরা পাচ্ছেন জমজমাট এক সপ্তাহ। পাঁচ দিনের ব্যবধানে দু’বার মুখোমুখি হচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে আলোচিত প্রতিদ্বন্দ্বী বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাম্প্রতিক মৌসুমগুলোতে দুই দলের লড়াই মাঠ থেকে গ্যালারি পর্যন্ত দারুণ উত্তাপ ছড়িয়েছে। এবার সেই রোমাঞ্চ ছুঁয়ে যাবে টানা দুই ম্যাচে।
প্রথম মহারণ শুক্রবার বাংলাদেশ ফুটবল লিগে, বসুন্ধরা কিংস অ্যারেনায়। মৌসুমে এবারই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল। শুরুর ধাক্কা কাটিয়ে টানা চার ম্যাচ জিতে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে বসুন্ধরা কিংস। অন্যদিকে ফর্টিসের কাছে হেরে মৌসুম শুরু করা মোহামেডান ওঠা-নামার মধ্য দিয়ে এখন ৭ পয়েন্ট নিয়ে চারে। ফলে সাদা-কালোদের সামনে লক্ষ্য ফারাক কমানো, আর কিংস চাইবে ব্যবধান আরও বাড়িয়ে নিজেদের আধিপত্য ধরে রাখতে। ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়।
এর পাঁচ দিন পর আবারও মুখোমুখি দুই দল, এবার ফেডারেশন কাপে। ‘বি’ গ্রুপে একই ব্র্যাকেটে পড়েছে কিংস ও মোহামেডান। ফেডারেশন কাপে এখন পর্যন্ত এগিয়ে মোহামেডান। দুই ম্যাচে এক জয় ও এক ড্র নিয়ে তারা গ্রুপের শীর্ষে। কিংস খেলেছে একটি ম্যাচ, ফর্টিসের সঙ্গে ১-১ ড্র।
এ ম্যাচটি প্রথমে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে হওয়ার কথা থাকলেও ভেন্যু পরিবর্তন করে আনা হয়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ। ফ্লাডলাইট নয়, দিবালোকে গড়াবে লড়াই।
আরও এক গুরুত্বপূর্ণ তথ্য হলো, দীর্ঘদিন পর ঘরোয়া ফুটবলের ম্যাচ ফিরছে জাতীয় স্টেডিয়ামে। ২০২১ সালের আগস্টে সংস্কার শুরুর পর ২০২৫ সালের ৪ জুন বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল মাঠে ফিরলেও স্থানীয় প্রতিযোগিতা হয়নি এখনও। কিংস-মোহামেডান ম্যাচই তাই একটি নতুন মাইলফলক হিসেবে ঘরোয়া ফুটবলকে ফেরাচ্ছে জাতীয় স্টেডিয়ামে।