আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা , ছবি: সংগৃহীত
মেলবোর্ন ১৭ ডিসেম্বর- ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার প্রসঙ্গ উঠলে নয়াদিল্লি আর চুপ করে থাকবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে এ ধরনের বক্তব্য অব্যাহত থাকলে ভারত তার অবস্থান স্পষ্টভাবে জানাবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় আসামের মুখ্যমন্ত্রী বলেন, গত এক বছর ধরে বাংলাদেশ থেকে বারবার এমন মন্তব্য শোনা যাচ্ছে যে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তিনি এ ধরনের বক্তব্যকে ‘অবাস্তব ও সমস্যাজনক চিন্তাভাবনা’ হিসেবে আখ্যা দেন।
হেমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত একটি বড় রাষ্ট্র, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। তার ভাষায়, “বাংলাদেশ কীভাবে এমন চিন্তা করতে পারে, সেটাই প্রশ্ন। এটা শুধু ভুল ধারণা নয়, বরং চিন্তার গভীর সমস্যার প্রতিফলন।”
বাংলাদেশের প্রতি সহায়তার প্রশ্নেও সতর্ক অবস্থানের কথা জানান আসামের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এই ধরনের মানসিকতাকে উৎসাহিত করা ঠিক হবে না এবং কোনোভাবেই অতিরিক্ত সহায়তা দেওয়া উচিত নয়। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ অব্যাহত রাখে, ভারত নীরব থাকবে না।”
প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাংলাদেশে শুধু হাসনাত আবদুল্লাহ নয়, এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে ঘিরে একই ধরনের মন্তব্য করেছেন বলে দাবি করেন আসামের মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশকেও সতর্ক থাকতে হবে।
এদিকে, বাংলাদেশের রাজনীতিতেও পাল্টা বক্তব্য এসেছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভারত যদি শেখ হাসিনা ও ওসমান হাদির হত্যাকারীদের আশ্রয় দিয়ে মনে করে দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক থাকবে, তবে তা কখনোই সম্ভব নয়।
উভয় দেশের রাজনৈতিক বক্তব্য ও পাল্টা মন্তব্যে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কূটনৈতিক মহলে এ ধরনের প্রকাশ্য বক্তব্যকে সংযমের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হচ্ছে।