সর্বশেষ

টম ক্রুজের নতুন ছবি ‘ডিগার’, মুক্তির তারিখ ঘোষণা

  • 6:01 am - December 22, 2025
  • পঠিত হয়েছে:২১২ বার

মেলবোর্ন, ২২ ডিসেম্বর- অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো গনজালেস ইনারিতু পরিচালিত নতুন ছবিতে দেখা যাবে টম ক্রুজকে, এটি পুরোনো খবর। নতুন খবর হলো, সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ছবিটির নাম ও মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ছবিটির নাম ‘ডিগার’, মুক্তি পাবে আগামী বছরের ২ অক্টোবর। ইনস্টাগ্রামে ছবিটির একটি টিজার প্রকাশ করা হয়। পাশাপাশি ছবিটির পোস্টারও প্রকাশ করা হয়েছে।

পোস্টারে ব্যবহৃত ট্যাগলাইনে বলা হয়েছে, ‘একটি বিপর্যয়কর কমেডি’।

এর আগে গুঞ্জন ছিল, ছবিটি এমন একজন বৈশ্বিক ক্ষমতাধর ব্যক্তিকে ঘিরে, যিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে তিনিই মানবজাতির ত্রাণকর্তা।

এ প্রসঙ্গে কান চলচ্চিত্র উৎসবে সংবাদমাধ্যম ডেডলাইনকে ইনারিতু বলেন, এটুকুই আমি বলতে পারি, এটি একেবারেই উন্মাদ ধরনের একটি বিপর্যয়কর কৌতুক। এটা পাগলাটে! টম আমাকে প্রতিদিন হাসায়। একজন পরিচালক হিসেবে টমের সঙ্গে কাজ করে যে অভিনয়–পরিসর আমি আবিষ্কার করেছি, তা আমার কাছে একেবারেই নজিরবিহীন। আমি দারুণভাবে মুগ্ধ এবং আনন্দিত।

প্রকাশিত টিজারে টম ক্রুজকে কাউবয় বুট পরে হাতে একটি কোদাল নিয়ে নাচতে দেখা যায়, যা দেখতে অনেকটা লস অ্যাঞ্জেলেসের কোনো নিম্নবিত্ত এলাকার ছোট অ্যাপার্টমেন্টের মতো। আরেকটি দৃশ্যে তাকে দেখা যায় একটি পিয়ারে দাঁড়িয়ে থাকতে। পুরো টিজারে টম ক্রুজকে কিছুটা অগোছালো ও এলোমেলো চেহারায় দেখা গেছে।

এতে টম ক্রুজ অভিনয় করছেন ‘ডিগার রকওয়েল’ নামক এক রহস্যময় চরিত্রে। সিনেমার কাহিনি নিয়ে গোপনীয়তা বজায় রাখা হলেও ওয়ার্নার ব্রাদার্স একটি ছোট ইঙ্গিত বা ‘লগলাইন’ প্রকাশ করেছে। সেখানে ক্রুজের চরিত্রটিকে ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। কাহিনিতে দেখা যাবে, নিজের তৈরি করা এক মহাবিপর্যয় থেকে মানবজাতিকে রক্ষা করতে এবং নিজেকে ত্রাণকর্তা হিসেবে প্রমাণ করতে এক উন্মত্ত মিশনে নামেন তিনি।

নুতন এ ছবিতে টম ক্রুজ ছাড়া আরও অভিনয় করেছেন সান্দ্রা হুলার, জন গুডম্যান, জেসি পলেমনস, রিজ আহমেদ, মাইকেল স্টুলবার্গ ও এমা ডি’আর্সি প্রমুখ।

চলতি বছরের জানুয়ারিতে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সঙ্গে নতুন চুক্তি করার পর এটিই টম ক্রুজের প্রথম সিনেমা। এক দশক আগে ওয়ার্নার ব্রাদার্সের হয়ে ‘এজ অব টুমরো’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

উল্লেখ্য, ‘ডিগার’ সিনেমাটির চিত্রনাট্য ইনারিতুর সঙ্গে যৌথভাবে লিখেছেন ‘বার্ডম্যান’ খ্যাত নিকোলাস জিয়াকোবোন এবং আলেকজান্ডার ডিনেলারিস।

সবশেষ ২০২২ সালে মুক্তি পায় ইনারিতু পরিচালিত সিনেমা ‘বার্দো: ফলস ক্রনিকল অব আ হ্যান্ডফুল অব ট্রুথস’। ছবিটি ছবিটি তিনি নেটফ্লিক্সের জন্য নির্মাণ করেছিলেন। সবকিছু ঠিক থাকলে ‘ডিগার’ দিয়ে চার বছরের বিরতি ভাঙবেন অস্কারজয়ী এই নির্মাতা।

২০১৫ সালে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য সেরা পরিচালক বিভাগে অস্কার জেতেন ইনারিতু। এরপর ২০১৬ সালে ‘বার্ডম্যান’ ছবির জন্য তিনি সেরা ছবি, সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য—এই তিনটি বিভাগে অস্কার পুরস্কার পান।

অপরদিকে, টম ক্রুজকে সর্বশেষ ‘মিশন: ইম্পসিবল – দ্য ফাইনাল রিকনিং’ এবং ‘টপ গান: মেভেরিক’-এ দেখা গিয়েছিল। এখন দেখার বিষয়, ইনারিতুর এই ‘কমেডি’ অবতারে পর্দায় নতুন কী জাদু দেখান হলিউডের এই মহাতারকা।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

হুথিদের হুমকির মধ্যেই রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালু

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার হুমকির মধ্যেই সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোর থেকে বিমানবন্দরটির কার্যক্রম…

নোয়াখালীতে ছয় ঘণ্টার ব্যবধানে দুই স্থানে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

ওটিএন বাংলা রিপোর্ট : নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন।…

দিনাজপুরে হিন্দু শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

ওটিএন বাংলা রিপোর্ট : দিনাজপুরের পার্বতীপুরে রাস্তার বিরোধ মেটাতে গিয়ে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক হিন্দু স্কুলশিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর)…

লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৮ দিনে আটক ১৩৮ জেলে

ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা চললেও লক্ষ্মীপুরের মেঘনা নদীতে থেমে নেই মাছ শিকার। নিষেধাজ্ঞার প্রথম ১৮ দিনে ইলিশ ধরার অভিযোগে ১৩৮ জেলেকে আটক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au