বাংলাদেশ

মধ্যরাতের আগুনে বিধ্বস্ত রোহিঙ্গা ক্যাম্প, পুড়ে ছাই সাড়ে চার শতাধিক ঘর

  • 2:43 pm - January 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ২১ জানুয়ারি- কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাড়ে চার শতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুনে ধ্বংস হয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ও উপাসনালয়। শীতের রাতে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে শত শত রোহিঙ্গা পরিবার।

মঙ্গলবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকার ১৬ নম্বর ক্যাম্পে আগুনের সূত্রপাত হয়। ক্যাম্প প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, ডি-৪ ব্লকে ব্র্যাক পরিচালিত একটি শিখন কেন্দ্রে প্রথম আগুন লাগে। অল্প সময়ের মধ্যেই তা আশপাশের শেড ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের টানা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই ক্যাম্পের তিনটি ব্লকের বিস্তীর্ণ অংশ সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ক্যাম্প প্রশাসনের তথ্যমতে, অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে অন্তত ৪৫০টি বসতঘর, ১০টি শিখন কেন্দ্র, দুটি মসজিদ ও একটি মাদ্রাসা সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হঠাৎ আগুনে ঘরবাড়ি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা।

ডি-৪ ব্লকের মাঝি মোহাম্মদ আলী বলেন, গভীর রাতে সবাই ঘুমিয়ে ছিল। হঠাৎ চিৎকার শুনে কোনোরকমে প্রাণ নিয়ে বের হতে পেরেছি। আমার ব্লকের একটি ঘরও আর নেই, সব পুড়ে ছাই।

ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা আহমেদ উল্লাহ জানান, তার পরিবারের সদস্য সাতজন। তিনি বলেন, এমনিতেই শীতের কষ্ট, তার ওপর ঘর হারিয়ে আমরা এখন চরম অনিশ্চয়তায় পড়েছি। কোথায় থাকব, কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না।

উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ডলার ত্রিপুরা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির কারণ খতিয়ে দেখা হচ্ছে।

৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, অগ্নিকাণ্ডের পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড নতুন ঘটনা নয়। অস্থায়ী ঘরবাড়ি, ঘনবসতি ও সীমিত অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। গত বছরের ডিসেম্বরেও উখিয়া ও কুতুপালংয়ের একাধিক ক্যাম্পে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও স্থাপনা পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।

 

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au