কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬
মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…
মেলবোর্ন, ২৪ জানুয়ারি- ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের কয়েক মাস আগেই তাঁর প্রশাসনের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। আলোচনার সঙ্গে যুক্ত চারটি সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, যিনি সম্প্রতি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন।
ডেলসি রদ্রিগেজ ও তাঁর ভাই জর্জে রদ্রিগেজ গোপনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও কাতারের কর্মকর্তাদের জানান যে মাদুরোর বিদায়কে তারা স্বাগত জানাবেন। জর্জে রদ্রিগেজ বর্তমানে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান।
মাদুরোকে গ্রেপ্তারের কয়েক মাস আগে থেকেই ডেলসি রদ্রিগেজের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগ শুরু হয়। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মাদুরোর মধ্যে একটি ফোনালাপ হয়। সে সময় ট্রাম্প মাদুরোকে ভেনেজুয়েলা ছাড়ার আহ্বান জানালেও মাদুরো তা প্রত্যাখ্যান করেন। তবে ওই ফোনালাপের পরও ডেলসির সঙ্গে ওয়াশিংটনের যোগাযোগ অব্যাহত ছিল।
গত ডিসেম্বরে এক মার্কিন কর্মকর্তার সঙ্গে ডেলসির বৈঠক হয় বলে গার্ডিয়ানকে জানিয়েছেন আলোচনায় যুক্ত একজন। তার ভাষ্য অনুযায়ী, ডেলসি তখন যুক্তরাষ্ট্রকে জানান যে ভবিষ্যতে যাই ঘটুক না কেন, তিনি সহযোগিতার জন্য প্রস্তুত। আরেক কর্মকর্তা বলেন, ডেলসি স্পষ্ট করে সংকেত দিয়েছিলেন যে তিনি পরবর্তী পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রেখেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কারাকাসের শাসকগোষ্ঠীর ভেতরের ব্যক্তিদের সঙ্গে কাজ করার বিষয়ে সন্দিহান ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি ডেলসি রদ্রিগেজের সহযোগিতার প্রতিশ্রুতির ওপর আস্থা রাখেন।
ডেলসি ও জর্জে রদ্রিগেজের দেওয়া এই সহযোগিতার প্রতিশ্রুতির বিষয়টি আগে প্রকাশ পায়নি। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড জানিয়েছিল, গত অক্টোবরে কাতারের মধ্যস্থতায় একটি আলোচনা হয়েছিল, যা পরে ব্যর্থ হয়। সে আলোচনায় ডেলসি প্রস্তাব দিয়েছিলেন, মাদুরো ক্ষমতাচ্যুত হলে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট হতে আগ্রহী। অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় মাদুরো প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়োও যুক্ত ছিলেন।
ডেলসি ও তাঁর ভাই কেবল মাদুরো-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। তবে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সময় সরাসরি বা সক্রিয়ভাবে সহযোগিতায় তারা সম্মত ছিলেন না। সূত্রগুলো জোর দিয়ে বলেছে, মাদুরোকে গ্রেপ্তারের ঘটনা রদ্রিগেজ পরিবারের কোনো পরিকল্পিত অভ্যুত্থানের অংশ ছিল না।
চলতি মাসের শুরুতে কারাকাসে মার্কিন বাহিনীর অভিযানের কয়েক ঘণ্টা পর নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ এই প্রক্রিয়ায় সম্মত ছিলেন এবং তাঁর সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে।
সহযোগিতার প্রতিশ্রুতি ও গোপন যোগাযোগের বিষয়ে জানতে দ্য গার্ডিয়ান ইমেইলের মাধ্যমে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি।
সুত্রঃ গার্ডিয়ান
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au