বাংলাদেশ

নরসিংদীতে এবার হিন্দু যুবক চঞ্চলকে পুড়িয়ে ‘হত্যা’

  • 5:45 am - January 25, 2026
  • পঠিত হয়েছে:২৫২ বার
নরসিংদীতে এবার হিন্দু যুবক চঞ্চলকে পুড়িয়ে 'হত্যা'। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ জানুয়ারি- দিপু চন্দ্র দাসকে প্রকাশ্যে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক নৃশংস ঘটনা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।

এবার নরসিংদীতে এক হিন্দু যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ সামনে এসেছে। নিহত যুবকের নাম চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩)। তিনি নরসিংদী পুলিশ লাইন্স সংলগ্ন মসজিদ মার্কেট এলাকার একটি গ্যারেজে কাজ করতেন।

চঞ্চল কুমিল্লা জেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। তার মা প্রমিতা রানী ভৌমিক দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের বড় ভাই প্রতিবন্ধী এবং ছোট ভাই পড়াশোনারত। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন চঞ্চল। তার আয়ের ওপর নির্ভর করেই চলত পুরো পরিবার।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গ্যারেজের ভেতরে ঘুমন্ত অবস্থায় চঞ্চলের ওপর এই হামলা চালানো হয়। গ্যারেজের বাইরে থাকা শাটারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যেই আগুন ভেতরে ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি গ্যারেজের বাইরে আগুন জ্বালিয়ে দ্রুত সরে যায়। এর পরই ভেতরে থাকা চঞ্চল আগুনের মধ্যে আটকা পড়ে যান।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলে নরসিংদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর গ্যারেজের ভেতর থেকে চঞ্চল চন্দ্র ভৌমিকের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ সময় ধরে আগুনে পুড়ে তিনি মর্মান্তিকভাবে প্রাণ হারান। নিহতের পরিবার এ ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

তাদের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং ইচ্ছাকৃতভাবে একজন সংখ্যালঘু যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। পরিবার দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

চঞ্চলের মৃত্যুর খবরে তার গ্রামে শোকের মাতম চলছে। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে পরিবারটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

এই ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সম্প্রদায়ের নেতারা বলছেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর সহিংসতা, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে। কোথাও মন্দির ভাঙচুর, কোথাও বাড়িঘরে আগুন, আবার কোথাও ব্যক্তিকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে। এসব ঘটনার দ্রুত ও নিরপেক্ষ বিচার না হওয়ায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে তাদের অভিযোগ।

তারা নরসিংদীর এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ দাবি করেছেন।

একই সঙ্গে তারা বলেছেন, ধর্মীয় পরিচয়ের কারণে যেন আর কোনো নাগরিককে প্রাণ দিতে না হয়, সে দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে।

গত দেড়মাসে কমপক্ষে ৩০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের  মানুষ পরিকল্পিত হত্যার শিকার হয়েছে।

এই শাখার আরও খবর

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au