বাংলাদেশ

কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ, আহত অন্তত ৪

  • 3:09 am - March 08, 2026
  • পঠিত হয়েছে:৩১৪ বার
কুমিল্লায় শনিপূজা চলাকালীন বোমা বিষ্ফোরণ। ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ৮ মার্চ- কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকায় একটি মন্দিরে শনিপূজা চলাকালে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে পুরোহিতসহ অন্তত চারজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের ঠাকুরপাড়া বাগানবাড়ি কালি গাছতলা শিব মন্দির এবং আশপাশের এলাকায় এই ঘটনা ঘটে। এতে মন্দিরে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পূজার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে পুরোহিতসহ ভক্তরা শনিপূজায় অংশ নিচ্ছিলেন। এ সময় হঠাৎ করে মন্দির এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পূজামণ্ডপে উপস্থিত লোকজন দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন।

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৮ মিনিটের দিকে মুখোশ পরা এক ব্যক্তি একটি ব্যাগ হাতে মন্দিরে প্রবেশ করেন। এ সময় তার আশপাশে আরও কয়েকজনকে অবস্থান করতে দেখা যায়। পরে তিনি মন্দিরের ভেতরে ব্যাগটি রেখে দ্রুত দৌড়ে সেখান থেকে বের হয়ে যান। কিছুক্ষণ পরই সেখানে ককটেল বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের ঘটনায় মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী আহত হন। একই সময় দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার পথে পার্শ্ববর্তী বৌদ্ধ মন্দির ও ব্র্যাক অফিসের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আরও তিনজন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ঠাকুরপাড়া বাগানবাড়ি এলাকার সুজাত আলীর ছেলে আবদুল বারেক এবং নজরুল ইসলামের ছেলে জিহাদ। অপর একজন আহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত পুরোহিত কেশব চক্রবর্তী বলেন, ককটেল বিস্ফোরণের পর একটি সাদা রঙের বস্তু তার সামনে এসে পড়ে। প্রথমে তিনি ধারণা করেছিলেন গাছ থেকে কিছু পড়েছে। পরে ধোঁয়া দেখে আশপাশের লোকজন জানান সেটি বোমা ছিল। তবে কে বা কারা কী কারণে এই হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।

ঘটনার খবর পেয়ে মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল কৃষ্ণ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে এসেছেন। কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং বিষয়টি তদন্ত করছে। যারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং তা বিশ্লেষণ করা হচ্ছে। কী কারণে এবং কারা এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তা তদন্তের মাধ্যমে বের করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এই শাখার আরও খবর

কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকার গুরুত্বপূর্ণ কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মের একটি নির্জন স্থানে…

পার্থে ছুরিকাঘাতে ৪৪ বছর বয়সী ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার একজন

অস্ট্রেলিয়ার পার্থের দক্ষিণাঞ্চলে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশের হোমিসাইড ইউনিট। এ ঘটনায় শনিবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার স্থানীয়…

নিরপরাধ সিডনি বাসিন্দা হত্যায় বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ স্কুলশিক্ষকের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার সিডনিতে ভুল পরিচয়ের শিকার হয়ে এক নিরপরাধ ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে বন্দুকধারীকে পালাতে সহায়তার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের সময়…

ফ্লিকের বার্সেলোনার কাছে রিয়ালের গোলের রেকর্ড হারানোর শঙ্কা

লা লিগায় দুর্দান্ত ছন্দে ছুটছে হান্সি ফ্লিকের বার্সেলোনা। মৌসুমের প্রথম ছয় ম্যাচেই জয় পেয়েছে কাতালান ক্লাবটি। এই ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ২৮ বার বল পাঠিয়েছে…

ঢাকায় রোববার ‘লকডাউন’, আগের রাতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশের রাজধানী ঢাকায় রোববার (২০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠন যুবলীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির আগের রাতে একাধিক বাসে আগুন এবং ককটেল বিস্ফোরণের ঘটনা…

রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া, বাতিল বহু ফ্লাইট

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখা যাওয়ার পর বিমান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমানবন্দর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au