খেলা

পাকিস্তানকে উড়িয়ে বাংলাদেশের বড় জয়

  • 11:40 pm - March 11, 2026
  • পঠিত হয়েছে:১৫৮ বার
কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ মার্চ- কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে ফিরে দুর্দান্ত জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বোলারদের দাপটে পাকিস্তানকে খুব কম রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতে ঝড় তুলে সহজ জয় নিশ্চিত করেন টাইগার ব্যাটাররা। তরুণ ওপেনার তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩০.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৪ রান করে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে এটি পাকিস্তানের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ফাহিম আশরাফ। বাংলাদেশের হয়ে নাহিদ ২৪ রান খরচায় ৫টি উইকেট তুলে নেন।

জবাবে ব্যাট করতে নেমে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। মাত্র ১৫ দশমিক ১ ওভারে দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

১১৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার সাইফ হাসান মাত্র ৪ রান করে সাজঘরে ফিরলে ২৭ রানে ভেঙে যায় উদ্বোধনী জুটি। তবে অপর প্রান্তে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম।

তার ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যেতে থাকে দলের রান। শুরু থেকেই পাকিস্তানের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি। শাহিন আফ্রিদিসহ প্রতিপক্ষ বোলাররা তার সামনে কার্যত অসহায় হয়ে পড়েন। মাত্র ৩২ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন তামিম।

শেষ পর্যন্ত ৪২ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল একাধিক বাউন্ডারি ও ছক্কার মার। অন্যদিকে নাজমুল হোসেন শান্ত ৩৩ বলে ২৭ রান করে দলের জয় সহজ করে দেন। তামিমের আগ্রাসী ব্যাটিংয়ের ওপর ভর করেই ৮১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ওঠে।

এর আগে ম্যাচের শুরু থেকেই বল হাতে দাপট দেখায় বাংলাদেশ। নতুন বলে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান নিয়ন্ত্রিত বোলিং করলেও উইকেটের দেখা পাননি। ফলে ইনিংসের সপ্তম ওভারেই স্পিন আক্রমণে যান অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তিনি নিজেও বোলিং শুরু করেন, কিন্তু তাতেও শুরুতে সাফল্য আসে না।

পাওয়ার প্লের শেষ ওভারে তাসকিনের পরিবর্তে নাহিদকে আক্রমণে আনা হয়। বল হাতে এসেই দলকে প্রথম সাফল্য এনে দেন এই তরুণ পেসার। ওভারের শেষ বলে কাট করতে গিয়ে পয়েন্টে আফিফ হোসেনের হাতে ক্যাচ দেন ওপেনার সাহিবজাদা ফারহান। ২৭ রান করে আউট হলে ভেঙে যায় পাকিস্তানের ৪১ রানের উদ্বোধনী জুটি।

এরপর ম্যাচে একক আধিপত্য বিস্তার করেন নাহিদ। নিজের পরের চার ওভারের প্রতিটিতেই উইকেট তুলে নেন তিনি। একে একে সাজঘরে ফেরান শ্যামল হোসাইন, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান এবং সালমান আলি আগাকে। পাকিস্তানের টপ অর্ডার ভেঙে দিয়ে নিজের প্রথম ওয়ানডে ফাইফার পূর্ণ করেন এই ডানহাতি পেসার।

১৯তম ওভারে নাহিদের সঙ্গে উইকেট শিকারে যোগ দেন অধিনায়ক মিরাজও। ওই ওভারের শেষ বলে আব্দুল সামাদকে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরিয়ে দেন তিনি। পরে হোসাইন তালাতকেও আউট করেন মিরাজ। ২৩তম ওভারের প্রথম বলে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাংলাদেশের অধিনায়ক। একই ওভারের শেষ বলে শাহিন আফ্রিদিকেও সাজঘরে ফেরান তিনি।

এরপর দ্বিতীয় স্পেলে ফিরে উইকেট পান তাসকিন আহমেদ। ২৪তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ ওয়াসিমকে প্রথম স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট করেন তিনি।

৮২ রানে নবম উইকেট হারানোর পর পাকিস্তান শতকের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে। তবে শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ফাহিম আশরাফ। আবরার আহমেদকে সঙ্গে নিয়ে শেষ উইকেটে ৩২ রানের জুটি গড়েন তিনি।

ফাহিমের ৩৭ রানের ইনিংসের ওপর ভর করেই কোনোভাবে একশ পার করে পাকিস্তান। শেষ পর্যন্ত ১১৪ রানে অলআউট হয় তারা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ে কয়েক মাস পর ওয়ানডে ক্রিকেটে ফেরাটা স্মরণীয় করে রাখল টাইগাররা।

এই শাখার আরও খবর

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au