বাংলাদেশ

সবাই যেন নির্ভয়ে গাইতে পারে: শঙ্কামুক্ত সমাজের আহ্বান ছায়ানট সভাপতির

  • 3:36 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এর সভাপতি সারওয়ার আলী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- অপশক্তি আবহমান বাংলা গানকে তার সমৃদ্ধ উত্তরাধিকার থেকে শিকড় বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এর সভাপতি সারওয়ার আলী। তিনি বলেন, সমাজে এমন একটি পরিবেশ দরকার, যেখানে সবাই নির্ভয়ে গান গাইতে পারবে, সংস্কৃতির সব প্রকাশ নির্বিঘ্ন থাকবে এবং বাঙালি শঙ্কামুক্ত জীবন যাপন করবে।

মঙ্গলবার সকালে রাজধানীর রমনার বটমূলে বাংলা নববর্ষ বরণ উপলক্ষে ছায়ানটের প্রভাতি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সারওয়ার আলী বলেন, পয়লা বৈশাখ বাঙালি সংস্কৃতি ও জাতিসত্তা উন্মোচনের একটি বিশেষ দিন। গত ছয় দশকের মতো এবারও এই দিনে মানুষ অতীতের গ্লানি ভুলে নতুন বছরকে বরণ করে নেয়। তিনি স্মরণ করিয়ে দেন, গত বছর রমনায় নববর্ষ অনুষ্ঠান নির্বিঘ্নে অনুষ্ঠিত হলেও এর আগে ও পরে সাংস্কৃতিক পরিসরে নানা সহিংস ঘটনা ঘটেছিল।

তিনি উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর উন্মুক্ত মঞ্চে বিজয় দিবসের আয়োজনের পরপরই ছায়ানটের সংস্কৃতি ভবনে ভাঙচুর চালানো হয়, বাদ্যযন্ত্র ও শিশুদের বইপত্র নষ্ট করা হয়। একই সময়ে দেশের দুইটি শীর্ষ সংবাদপত্র ভবনে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরদিন সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর ওপর হামলার কথাও তিনি স্মরণ করিয়ে দেন। এছাড়া ২০০১ সালে রমনার বটমূলে সংঘটিত ভয়াবহ ঘটনার কথাও তিনি উল্লেখ করেন।

ছায়ানট সভাপতি বলেন, সংগীত বাঙালির আনন্দ, বেদনা, মিলন-বিরহ এবং সংকটের সঙ্গী। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে অধিকার অর্জনের প্রতিটি আন্দোলনে গান মানুষকে শক্তি যুগিয়েছে। এই গানই সব ধর্ম ও জাতির মানুষকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করেছে। কিন্তু তিনি অভিযোগ করেন, কিছু অপশক্তি এই সংগীতচর্চাকে ভয় দেখিয়ে বাধাগ্রস্ত করতে চায় এবং আবহমান বাংলা গানকে তার শিকড় থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, সমাজে অসহিষ্ণুতা বাড়ছে এবং নিজের মত প্রকাশের কারণে দলবদ্ধ নিগ্রহের শঙ্কাও তৈরি হচ্ছে। একইসঙ্গে তিনি বৈশ্বিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তার ভাষায়, বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাত ও নিপীড়নের কারণে মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে এবং এই প্রেক্ষাপটে নতুন বছরের প্রথম প্রভাতে সবাই বিশ্বশান্তি কামনা করছে।

সারওয়ার আলী বলেন, এমন একটি সমাজের স্বপ্ন তিনি দেখেন, যেখানে সাংবাদিকসহ সব মানুষ নির্ভয়ে সত্য প্রকাশ করতে পারবেন, সংস্কৃতির সব ধারা মুক্তভাবে বিকশিত হবে এবং মানুষ শঙ্কামুক্ত জীবন যাপন করবে। তিনি কবিগুরুর পঙ্‌ক্তি উদ্ধৃত করে বলেন, এমন সমাজই কাঙ্ক্ষিত, যেখানে চিত্ত হবে ভয়শূন্য, জ্ঞান হবে মুক্ত এবং গৃহের প্রাচীরও মুক্ত হবে।

এদিকে ভোরে ৬টা ১৫ মিনিটে রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সকাল ৮টা ২৫ মিনিটে এ আয়োজনের সমাপ্তি ঘটে। উৎসবমুখর পরিবেশে নববর্ষ বরণে অংশ নেন বিপুলসংখ্যক মানুষ।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au