বাংলাদেশ

জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • 3:44 am - June 11, 2026
  • পঠিত হয়েছে:২৭৩ বার
জামালপুর সীমান্তে ফের উত্তেজনা, ভারতীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ জুন- জামালপুর সীমান্তে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে জোরপূর্বক পাঠানোর অভিযোগকে কেন্দ্র করে বুধবার বিকেলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সীমান্তজুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে রামরামপুর সীমান্তের ১০৮২ নম্বর সীমান্ত পিলারের কাছাকাছি এলাকায় প্রায় ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন বাধা দিলে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিকে শূন্যরেখায় রেখে ভারতীয় সীমান্তরক্ষীরা সরে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরে ওই ব্যক্তি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়রা তাকে বাধা দেন। এ অবস্থায় তিনি আবার সীমান্তের শূন্যরেখায় ফিরে যান। ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই ওই ব্যক্তিকে নিজেদের নাগরিক হিসেবে গ্রহণ করতে সম্মত হয়নি বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকেই সীমান্ত এলাকায় উত্তেজনা বাড়তে থাকে। বিকেল পাঁচটার দিকে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থানে দুই দেশের কিছু নাগরিকের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টা ধাওয়ায় রূপ নেয়। স্থানীয়দের দাবি, ভারতের কয়েকজন যুবক বাংলাদেশি নাগরিকদের লক্ষ্য করে ঢিল ছুড়লে পাল্টা প্রতিক্রিয়া দেখান বাংলাদেশিরাও। পরে বাংলাদেশিদের ধাওয়ার মুখে ভারতীয়রা পিছু হটে যায়।

সীমান্ত এলাকার এক বাসিন্দা বলেন, সাম্প্রতিক সময়ে পুশইনের ঘটনা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে গেলে বিভিন্ন সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিকেলের ঘটনায় দুই পক্ষের মধ্যে ঢিল ছোড়াছুড়ির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তের শূন্যরেখা অত্যন্ত স্পর্শকাতর এলাকা। কোনো নাগরিক যেন শূন্যরেখা অতিক্রম না করেন, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। তারপরও দুই দেশের কিছু নাগরিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্তসংক্রান্ত যেকোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে অবহিত করা উচিত।

ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে বাংলাদেশি সামরিক কর্মকর্তার বৈঠক, যা জানা যাচ্ছে

বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) সামরিক গোয়েন্দা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার হাসান মাহমুদের সঙ্গে দুই দিনে পৃথক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক প্রতিরক্ষা কর্মকর্তা এবং চীনের…

ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, মরদেহ ও রোগী নিতে চরম ভোগান্তি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট চলছে। এতে হাসপাতাল থেকে গুরুতর অসুস্থ রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর এবং মৃত ব্যক্তির মরদেহ…

ময়মনসিংহে এবার আরেক হিন্দু যুবক রবেন্দ্র ঋষিকে ছুরিকাঘাতে হত্যা

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবেন্দ্র ঋষি নামে এক নরসুন্দরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় এ ঘটনা…

ভারতীয় গোয়েন্দার সঙ্গে বৈঠক কেন অস্বীকার করছে জামায়াত

ভারতের উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের গোপন বৈঠকের অভিযোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক…

চট্টগ্রামে অস্ত্রের মুখে নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রামের রাউজানে দিনদুপুরে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে জমি কেনার জন্য নিয়ে যাওয়া ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল…

বাংলাদেশিদের রাশিয়ার যুদ্ধে যোগ দিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশসহ বিশ্বের ২৯টি দেশের নাগরিকদের প্রতারণা ও জোরজবরদস্তির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগ করে ইউক্রেন যুদ্ধে পাঠানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন। ভ্রমণ, চাকরি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au