মেলবোর্ন,২ জুলাই- বেলজিয়ামের এন্টওয়ার্প শহরের একটি ১০ তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১ জুলাই) স্থানীয় সময় সকালে এন্টওয়ার্পের লিংকোরোভার এলাকার অগাস্ট ভার্মেইলেনলান সড়কে অবস্থিত বহুতল ভবনটিতে আগুন লাগে। আগুনের তীব্রতা ও ঘন ধোঁয়ার কারণে উদ্ধার অভিযান জটিল হয়ে পড়ে।
বেলজিয়াম পুলিশ জানিয়েছে, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে ভবনের ভেতরে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক বাসিন্দা আটকা পড়েন। পরিস্থিতি মোকাবিলায় ড্রোন ইউনিটসহ বিশেষ উদ্ধারকারী দল মোতায়েন করা হয়।
পুলিশের মুখপাত্র কিম বাস্টিয়েন্স জানান, এখন পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে আহতের সঠিক সংখ্যা এবং অগ্নিকাণ্ডের কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলেও জানান তিনি।
ভবনের পঞ্চম তলার বাসিন্দা জ্যাকলিন হিরেন (৮০) বলেন, আগুনের ভয়াবহতা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছেন বলে জানান তিনি।
উদ্ধারকাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের সদস্যরা মই ও দড়ির সাহায্যে ভবনের ব্যালকনি এবং টেরাস থেকে একে একে বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন। অগ্নিকাণ্ডের কারণে ভবনটির প্রায় ৮০টি ফ্ল্যাট থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দাদের জানালা, দরজা ও ভেন্টিলেশন ব্যবস্থা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে, বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং হতাহতের সংখ্যা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।