বিশ্ব

সরানো হয়েছে ১৭ লাখ মানুষ

চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি’, ফিলিপাইনে নিহত ১৭

  • 9:00 pm - July 12, 2026
  • পঠিত হয়েছে:১৩৯ বার
চীনে আঘাত হেনেছে টাইফুন ‘বাভি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ জুলাই- চীনের পূর্বাঞ্চলের ঝেজিয়াং প্রদেশে শক্তিশালী টাইফুন ‘বাভি’ আঘাত হেনেছে। এর প্রভাবে প্রবল বাতাস, ভারী বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ায় দেশটির পূর্বাঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে ফিলিপাইনে টাইফুন ও মৌসুমি বৃষ্টিজনিত ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে এবং তাইওয়ানে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং প্রাদেশিক আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থার বরাতে বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ১১টা ২০ মিনিটে টাইফুন বাভি ঝেজিয়াং প্রদেশে স্থলভাগে আঘাত হানে। এর আগে এটি জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জ ও তাইওয়ানে প্রবল বাতাস এবং ভারী বৃষ্টিপাত ঘটায়।

গত এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে এটি চীনে আঘাত হানা দ্বিতীয় টাইফুন। এর আগে গত সপ্তাহান্তে দেশটির দক্ষিণাঞ্চলে টাইফুন ‘মায়সাক’ আঘাত হানে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, টাইফুনের কেন্দ্রের কাছে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৪৪ কিলোমিটার। দুর্যোগের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে ১৭ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। জাতীয় আবহাওয়া সংস্থা টাইফুনটির জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে, যা দেশটির চার স্তরের সতর্কতা ব্যবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ।

প্রতিকূল আবহাওয়ার কারণে কয়েক শ উড়োজাহাজের ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ট্রেন চলাচল সীমিত করা হয়েছে, স্থগিত রাখা হয়েছে বহু ফেরি সার্ভিস। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ঝেজিয়াংয়ের ঘনবসতিপূর্ণ শহর ওয়েনঝুর বাসিন্দা ৫০ বছর বয়সী হুয়াং জিংহুয়ান রয়টার্সকে বলেন, টাইফুনের আগাম সতর্কতা পেয়ে তিনি পরিবারের জন্য দুই থেকে তিন দিনের প্রয়োজনীয় খাদ্য ও পানীয় মজুত করেছেন। তাঁর ভাষায়, আগেও তাঁরা টাইফুন মোকাবিলা করেছেন, এবারও পরিস্থিতি সামাল দিতে পারবেন বলে আশা করছেন।

আবহাওয়াবিদদের ধারণা, স্থলভাগে প্রবেশের পর টাইফুনটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে।

অন্যদিকে, ফিলিপাইনে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে টাইফুন বাভির প্রভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে বিভিন্ন এলাকায় ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে।

তাইওয়ানেও টাইফুনের প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে। স্থানীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, অন্তত ১৩৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকেই পিচ্ছিল সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।

এ ছাড়া তাইওয়ানে প্রায় ১৪ হাজার ২১০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিশেষ করে তাইচুং শহর ও হুয়ালিয়েন কাউন্টি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। দুর্যোগের কারণে দেশজুড়ে স্কুল, সরকারি অফিস এবং অধিকাংশ রেস্তোরাঁ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

সূত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

মহেশখালীতে নিজ বাড়িতে শিল্পী রানী সুশীলকে ছুরিকাঘাতে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পদ্মপুকুর পাড়া এলাকার শীল পাড়ায় নিজ বাসগৃহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে শ্রীমতি শিল্পী রানী সুশীল নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার (৭…

মায়ামিতে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক…

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au