ভিক্টোরিয়ার বেহাল সড়ক নিয়ে চাপে প্রিমিয়ার, ৫ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি বিরোধীদের। ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন, ১৪ জুলাই- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক সড়কগুলোর বেহাল অবস্থা নিয়ে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে। বিরোধী জোট রাজ্যের প্রায় ১০ লাখ গর্ত মেরামতের লক্ষ্যে পাঁচ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়ার পর এ বিষয়ে কঠিন প্রশ্নের মুখে পড়েছেন ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান। তবে তিনি দাবি করেছেন, তার সরকার ইতোমধ্যেই রাজ্যের সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ইতিহাসের সর্বোচ্চ অর্থ বরাদ্দ দিয়েছে।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জাসিন্তা অ্যালান বলেন, সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে ভিক্টোরিয়ার সড়ক নেটওয়ার্ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিমিয়ার হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সড়ক মেরামতকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছেন।
তবে বিরোধী লিবারেল ও ন্যাশনাল পার্টির ঘোষিত পাঁচ বিলিয়ন ডলারের তহবিলের সমপরিমাণ অর্থ বরাদ্দ দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা স্পষ্টভাবে নাকচ করে দেন। তার ভাষ্য, নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দেওয়া বিরোধীদের পুরোনো অভ্যাস, কিন্তু ক্ষমতায় গেলে তারা বরাদ্দ কমিয়ে দেয়।
অ্যালান বলেন, নির্বাচনের আগে লিবারেল ও ন্যাশনাল পার্টি নানা বড় প্রতিশ্রুতি দিলেও অতীতে ক্ষমতায় গিয়ে তারা অর্থ কমিয়েছে। সে কারণে তাদের নতুন প্রতিশ্রুতি বিশ্বাসযোগ্য নয়। তিনি আরও দাবি করেন, বিরোধীরা উন্নয়নের চেয়ে বরাদ্দ কমানোর রাজনীতিতে বিশ্বাস করে এবং তার সরকার তাদের ঘোষণার সঙ্গে পাল্লা দিয়ে কোনো প্রতিশ্রুতি দেবে না।
সাংবাদিকরা বারবার জানতে চান, তিনি ভিক্টোরিয়ার বর্তমান সড়ক ব্যবস্থাকে ১০-এর মধ্যে কত নম্বর দেবেন। তবে সরাসরি কোনো মূল্যায়ন না দিয়ে তিনি শুধু বলেন, গত তিন বছরে তার সরকার সড়ক রক্ষণাবেক্ষণে মোট তিন বিলিয়ন ডলার ব্যয় করেছে।
প্রিমিয়ার জানান, টানা তিন বছর ধরে প্রতি বছর এক বিলিয়ন ডলার করে সড়ক রক্ষণাবেক্ষণে বিনিয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭০ শতাংশ অর্থ ব্যয় হয়েছে ভিক্টোরিয়ার আঞ্চলিক ও গ্রামীণ সড়ক উন্নয়নে। তার দাবি, রাজ্যের ইতিহাসে সড়ক সংস্কারে এত বড় বরাদ্দ আগে কখনও দেওয়া হয়নি।
তিনি বলেন, বর্তমানে বিভিন্ন এলাকায় সড়ক মেরামতের কাজ চলছে। তবে এটি একদিনের কাজ নয়, বরং প্রতি বছর ধারাবাহিকভাবে এই কাজ চালিয়ে যেতে হয়। জনসংখ্যা বৃদ্ধি, যানবাহনের চাপ, ভারী ট্রাক চলাচল এবং সাম্প্রতিক বন্যার কারণে সড়কগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
এদিকে সোমবার ওয়ার্নাম্বুল সফরে গিয়ে ভিক্টোরিয়ার বিরোধীদলীয় নেতা জেস উইলসন এবং ন্যাশনাল পার্টির নেতা ড্যানি ও’ব্রায়েন ঘোষণা দেন, ক্ষমতায় গেলে তারা আঞ্চলিক সড়ক উন্নয়নে পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন। বর্তমান বরাদ্দের তুলনায় এটি প্রায় ২৫ শতাংশ বেশি।
জেস উইলসন বলেন, ভিক্টোরিয়ার আঞ্চলিক সড়কগুলো এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অসংখ্য বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত যানবাহনের ক্ষতি হচ্ছে এবং চালকদের নিজস্ব অর্থ ব্যয় করে টায়ার, রিমসহ বিভিন্ন যন্ত্রাংশ মেরামত করতে হচ্ছে। তার অভিযোগ, সরকারের ব্যর্থতার দায় সাধারণ মানুষকে বহন করতে হচ্ছে।
অন্যদিকে ড্যানি ও’ব্রায়েন বলেন, তাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে প্রায় ১০ লাখ গর্ত মেরামত করা সম্ভব হবে। যদিও রাজ্যজুড়ে মোট কতটি গর্ত রয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা তিনি জানাতে পারেননি।
তার অভিযোগ, দীর্ঘদিন ধরে ভিক্টোরিয়ার সড়কগুলো ভেঙে পড়ছে এবং সরকার শুধু সাময়িক সংস্কার করে দায় এড়ানোর চেষ্টা করছে, যা খুব অল্প সময়ের মধ্যেই আবার নষ্ট হয়ে যায়। তিনি বলেন, লিবারেল ও ন্যাশনাল পার্টি ক্ষমতায় এলে এই সড়ক সংকটের স্থায়ী সমাধান করবে।
ড্যানি ও’ব্রায়েন আরও অভিযোগ করেন, লেবার সরকারের আমলে ব্যয় বৃদ্ধি ও অব্যবস্থাপনার কারণে রাজ্যের অবকাঠামো প্রকল্পে প্রায় ৪০ বিলিয়ন ডলার অতিরিক্ত ব্যয় হয়েছে এবং দুর্নীতির কারণে প্রায় ১৫ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। তার দাবি, ক্ষমতায় এলে অপচয় ও দুর্নীতি বন্ধ করে আরও নিরাপদ ও উন্নত সড়ক নির্মাণ করা হবে।
তিনি আরও বলেন, ভিক্টোরিয়ার মোট জনসংখ্যার প্রায় ২৫ শতাংশ মানুষ আঞ্চলিক এলাকায় বসবাস করলেও অবকাঠামো খাতে সেখানে বরাদ্দ দেওয়া হয় ১২ শতাংশেরও কম। এই বৈষম্য দূর করতে তাদের “ফেয়ার শেয়ার গ্যারান্টি” পরিকল্পনার আওতায় রাজ্যের মোট অবকাঠামো ব্যয়ের ২৫ শতাংশ আঞ্চলিক ভিক্টোরিয়ার জন্য বরাদ্দ রাখা হবে।
সূত্রঃ স্কাই নিউজ