ফুটবল বিশ্বকাপ : গোল্ডেন বুট-বল-গ্লাভ জয়ের দৌড়ে এগিয়ে যারা।ছবিঃ সংগৃহীত
মেলবোর্ন,২০ জুলাই- ফুটবল বিশ্বকাপ ২০২৬ এখন শেষ প্রান্তে। শিরোপা নির্ধারণী মহারণে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। দলীয় শ্রেষ্ঠত্বের পাশাপাশি ব্যক্তিগত সাফল্যের লড়াইও এখন তুঙ্গে। ফিফা এবারও টুর্নামেন্ট শেষে গোল্ডেন বুট, গোল্ডেন বল ও গোল্ডেন গ্লাভসহ ছয়টি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পুরস্কার তুলে দেবে সেরা পারফরমারদের হাতে।
বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল। এই ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে ব্যক্তিগত কয়েকটি মর্যাদাপূর্ণ পুরস্কারের ভাগ্যও।
গোল্ডেন বুটের দৌড়ে বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে তিনি গোলসংখ্যা বাড়িয়ে ১০-এ নিয়েছেন। পাশাপাশি তার অ্যাসিস্টও রয়েছে ৪টি। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির গোল ৮টি এবং অ্যাসিস্টও ৪টি।
ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হয়। ফলে মেসির সামনে গোল্ডেন বুট জয়ের সমীকরণ কঠিন। এই পুরস্কার জিততে হলে তাকে ফাইনালে স্পেনের বিপক্ষে অন্তত হ্যাটট্রিক করতে হবে, অথবা দুটি গোলের পাশাপাশি অন্তত একটি অ্যাসিস্ট করতে হবে।
গোল্ডেন বলের দৌড়েও অন্যতম প্রধান দাবিদার লিওনেল মেসি। ২০২২ বিশ্বকাপেও তিনি এই পুরস্কার জিতেছিলেন। এবারও পুরো আসরে ধারাবাহিক নৈপুণ্য, গোল ও অ্যাসিস্টের কারণে তিনি আলোচনার শীর্ষে রয়েছেন। তার পাশাপাশি সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আছেন কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, হ্যারি কেইন, জুড বেলিংহ্যাম, আর্লিং হালান্ড এবং কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা।
অন্যদিকে গোল্ডেন গ্লাভ বা সেরা গোলরক্ষকের পুরস্কারের লড়াইও বেশ জমজমাট। এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন কেপ ভার্দের ভোজিনহা। এছাড়া উরুগুয়ের অরল্যান্ডো গিল, পর্তুগালের দিয়োগো কস্তা, সুইজারল্যান্ডের গ্রেগর কোবেল, মরক্কোর ইয়াসিন বুনো এবং মিশরের মোস্তফা শোবেইরও এই পুরস্কারের শক্তিশালী দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন।
বিশ্বকাপের শেষ ম্যাচে তাই শুধু শিরোপাই নয়, ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারগুলোও নির্ধারিত হবে। একদিকে থাকবে আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বসেরার লড়াই, অন্যদিকে মেসি, এমবাপ্পেসহ তারকাদের ব্যক্তিগত গৌরব অর্জনের লড়াইও ফুটবলপ্রেমীদের বাড়তি উত্তেজনা উপহার দেবে।