‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’
মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…
মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে পদত্যাগের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হতে পারে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।
সরকার ও বিএনপির সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের বিষয়ে ইতোমধ্যে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি কে হতে পারেন, তা নিয়েও দল ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, রাষ্ট্রপতির কাছে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে এবং তিনি খুব শিগগিরই পদত্যাগ করতে পারেন। বঙ্গভবন-সংশ্লিষ্ট আরেকটি সূত্রের দাবি, রাষ্ট্রপতি ইতোমধ্যে নিজের অধস্তন কর্মকর্তাদের শিগগিরই বঙ্গভবন ছেড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। পদত্যাগের পর তিনি কিছুদিন বিশ্রাম নেবেন এবং প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন বলেও জানা গেছে।
এদিকে, রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি নিয়েও আলোচনা তীব্র হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ কয়েকজনের নাম আগে আলোচনায় থাকলেও সাম্প্রতিক সময়ে সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী একজন সচিবের নাম নতুন করে আলোচনায় এসেছে। প্রশাসনিক অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং সরকারের শীর্ষ নেতৃত্বের আস্থার কারণে তার নাম গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে দল ও সরকারের উচ্চপর্যায়ে আরও আলোচনা হবে।
তবে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অনেকের নামই আলোচনায় আসতে পারে, যা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া।
সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরিত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। আর ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে অথবা অসুস্থতা বা অন্য কোনো কারণে তিনি দায়িত্ব পালন করতে না পারলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এছাড়া সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। বর্তমানে জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।
ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের মতে, পরবর্তী রাষ্ট্রপতিকে শুধু সাংবিধানিক দায়িত্বই নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য রাজনৈতিক পরিস্থিতিও দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে হবে। তাই সরকার, বিরোধী দল এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন এবং তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকারের পর সংসদ বিলুপ্তি এবং অন্তর্বর্তী সরকার গঠনের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়ায় তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ পর বিভিন্ন ছাত্র সংগঠন ও আন্দোলনকারী গোষ্ঠী তার পদত্যাগ দাবি করে বঙ্গভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও তৎকালীন অন্তর্বর্তী সরকার তাকে অপসারণের কোনো উদ্যোগ নেয়নি। পরে জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে রাষ্ট্রপতি ও সরকারের রাজনৈতিক অবস্থানের মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়। এরপর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শেষ পর্যন্ত পদত্যাগ করলে গণঅভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে আরেকটি বড় পরিবর্তন ঘটবে। একই সঙ্গে ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো বিএনপি নিজেদের পছন্দের একজনকে রাষ্ট্রপতি করার সুযোগ পাবে। ফলে আগামী রাষ্ট্রপতি নির্বাচন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au