বাংলাদেশ

মেহেরপুরে মাটি খুঁড়ে মিলল ৯৬টি মাইন

  • 2:20 am - August 11, 2026
  • পঠিত হয়েছে:২৫ বার
মেহেরপুরে মাটি খুঁড়ে মিলল ৯৬টি মাইন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ আগষ্ট- বাড়ি নির্মাণের জন্য জমিতে মাটি কাটার সময় ছয়টি ধাতব বস্তু দেখতে পান শ্রমিকেরা। বিষয়টি পুলিশকে জানানো হলে ওই স্থান ঘিরে রাখা হয়। পরে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল সেখানে অভিযান চালিয়ে মাটির নিচ থেকে ৯৬টি মাইন উদ্ধার করেছে। উদ্ধার হওয়া মাইনের মধ্যে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন এবং ৭৯টি অ্যান্টি-পারসোনেল মাইন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে এ অভিযান চালানো হয়। মাইনগুলো উদ্ধারের পর সেনাবাহিনীর সদস্যরা সেগুলো নিষ্ক্রিয় করার জন্য পাশের মধুগাড়ি মাঠে নিয়ে যান। সেখানে মাইন নিষ্ক্রিয় করার কার্যক্রম চলছে।

স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার বেতবাড়িয়া গ্রামের প্রবাসী নুরুজ্জামান কালুর সাত শতাংশ জমিতে বাড়ি নির্মাণের জন্য শ্রমিকেরা মাটি কাটছিলেন। এ সময় কোদালের আঘাতে মাটির নিচ থেকে ছয়টি ধাতব বস্তু বেরিয়ে আসে। বস্তুগুলোর গায়ে ‘পিডিএফজিএল ৬৩, লট ৩৭, মাইন ১৯৬৭’ লেখা ছিল।

বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জায়গাটি ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে। পরে মাইনসদৃশ বস্তুগুলো উদ্ধারের জন্য সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়।

সোমবার দুপুর দেড়টার দিকে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে মেটাল ডিটেক্টরের সাহায্যে পুরো এলাকা পরীক্ষা করা হয়। এরপর নিরাপদ পদ্ধতিতে মাটি খনন শুরু করেন সেনাসদস্যরা। প্রায় দুই ঘণ্টা ধরে খনন করে একে একে ৯৬টি মাইন উদ্ধার করা হয়। এ সময় পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা নিশ্চিত করেন।

গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে এসে মাটি খনন করে ১৭টি অ্যান্টি-ট্যাংক মাইন ও ৭৯টি অ্যান্টি-পারসোনেল মাইন উদ্ধার করেছে। জায়গাটির বেশির ভাগ অংশেই খনন করা হয়েছে। উদ্ধার করা মাইনগুলো নিষ্ক্রিয় করার জন্য সেনাবাহিনী পাশের মধুগাড়ি মাঠে নিয়ে গেছে। সেখানে সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।

পুলিশের কর্মকর্তারা জানান, অ্যান্টি-পারসোনেল মাইনের ওপর নির্দিষ্ট মাত্রার চাপ পড়লে তা বিস্ফোরিত হতে পারে। অন্যদিকে অ্যান্টি-ট্যাংক মাইন তুলনামূলক বেশি ভারী কোনো যানবাহন বা বস্তুর চাপে বিস্ফোরিত হওয়ার জন্য তৈরি করা হয়। ফলে মাইনগুলো উদ্ধারের পর ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয় এবং সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে নিষেধ করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুর রহমান খান বলেন, মাইনসদৃশ বস্তু দেখতে পাওয়ার পর সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সঙ্গে যোগাযোগ করা হয়। একই সঙ্গে জায়গাটি পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরে সেনাবাহিনী মাইনগুলো উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার কাজ চলছে।

মুক্তিযুদ্ধের সময় পুঁতে রাখা হয়েছিল বলে ধারণা

একসঙ্গে বিপুলসংখ্যক মাইন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেনাবাহিনী ও পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া মাইনগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে কৌশলগত কারণে পাকিস্তানি সেনাবাহিনী পুঁতে রেখে যেতে পারে।

স্থানীয় প্রবীণ ও বীর মুক্তিযোদ্ধাদের বক্তব্যেও এ ধারণার সঙ্গে সামঞ্জস্য পাওয়া গেছে। তাঁরা জানান, মাইন উদ্ধারের স্থান থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের বেংগাড়ি মাঠে ১৯৭১ সালের ১১ ও ১২ নভেম্বর পাকিস্তানি বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মুখযুদ্ধ হয়েছিল।

স্থানীয় প্রবীণ ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমান বলেন, বেতবাড়িয়া গ্রামের প্রায় ১০ কিলোমিটারের মধ্যে বেংগাড়ি মাঠে পাকিস্তানি হানাদার বাহিনীর একটি ক্যাম্প ছিল। সেখানে পাকিস্তানি সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মুখযুদ্ধ হয়। মুক্তিবাহিনীর প্রবল আক্রমণের মুখে পাকিস্তানি বাহিনী ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়। যাওয়ার সময় তারা মাইনগুলো বেতবাড়িয়ার কোনো পরিত্যক্ত স্থানে পুঁতে রেখে যেতে পারে বলে তিনি মনে করেন।

স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী, বেংগাড়ি মাঠের ওই যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ওয়ালিউল হোসেনসহ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর সদস্য শহীদ হন। পরে মুক্তিযোদ্ধাদের ধারাবাহিক আক্রমণের মুখে পাকিস্তানি সেনারা বেতবাড়িয়া হয়ে কুষ্টিয়া সদরের দিকে পালিয়ে যায়।

‘ওই সড়ক দিয়েই পাকিস্তানি বাহিনী পালিয়েছিল’

বেংগাড়ি সম্মুখযুদ্ধে অংশ নেওয়া গাংনীর কাজিপুর ইউনিয়নের কাজিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বলেন, ভোর হওয়ার আগেই তাঁরা দৌলতপুরের বেংগাড়ি হানাদার ক্যাম্পে আক্রমণ করেছিলেন। আকস্মিক আক্রমণে পাকিস্তানি সেনারা গাড়ি ও ট্যাংক নিয়ে কুষ্টিয়ার দিকে পালিয়ে যায়।

গোলাম মোস্তফার ভাষ্য, পরে মুক্তিযোদ্ধারা হানাদার ক্যাম্প দখল করেন। বেতবাড়িয়া গ্রামে যে জায়গা থেকে এখন মাইনগুলো উদ্ধার হয়েছে, সেই সড়ক দিয়েই পাকিস্তানি বাহিনী অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে পালিয়েছিল। কুষ্টিয়ার দিকে যাওয়ার পথে খলিশাকুণ্ডি এলাকায় তাদের ওপর আবারও হামলা চালানো হয়। পরে মুক্তিযোদ্ধারা একটি সেতু বোমা দিয়ে উড়িয়ে দেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে মাটির নিচে পড়ে থাকা এসব মাইনের উপস্থিতি নতুন করে এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। বাড়িঘর নির্মাণ, কৃষিকাজ কিংবা মাটি কাটার সময় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে।

তবে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল পুরো এলাকা পরীক্ষা করে মাইনগুলো উদ্ধারের কাজ করেছে। উদ্ধার করা মাইনগুলো নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

এই শাখার আরও খবর

ইনফান্তিনোর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ, পাশে নেই ৩ মহাদেশীয় ফেডারেশন

মেলবোর্ন, ১১ আগষ্টঃ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ‘বিশ্বাস ভঙ্গের’ অভিযোগ তুলেছে তিন মহাদেশীয় ফুটবল ফেডারেশন। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির বিতর্কিত…

লিভারপুলের শেয়ার কিনছেন বেজোস-সাভেরিনের জোট

মেলবোর্ন, ১১ আগষ্টঃ ইংলিশ ফুটবল ক্লাব লিভারপুলের প্রায় এক-তৃতীয়াংশ শেয়ার কিনতে জোট গড়েছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা এদুয়ার্দো সাভেরিন। ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী অমিত…

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠল ভেনেজুয়েলাও

মেলবোর্ন, ১১ আগষ্টঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় রিখটার স্কেলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে অনুভূত এই ভূমিকম্পের…

ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনায় নেতানিয়াহুর ‘না’, ফের দীর্ঘ যুদ্ধের শঙ্কা

মেলবোর্ন, ১১ আগষ্ট- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করায় অঞ্চলটির ভঙ্গুর শান্তিপ্রক্রিয়া নিয়ে নতুন করে…

১৫ মাস পর দেশে, ভালোবাসায় ভেজা ইলিয়াস কাঞ্চনের কয়েকটি দিন

মেলবোর্ন, ১১ আগষ্টঃ  দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর কয়েক দিনের জন্য দেশে ফিরেছেন কিংবদন্তি অভিনেতা ও নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান…

আইফোন-ম্যাকবুকে চীনা মেমোরি চিপ ব্যবহারের পরীক্ষা অ্যাপলের

মেলবোর্ন, ১১ আগষ্টঃ আইফোন ও ম্যাকবুকে চীনে তৈরি মেমোরি চিপ ব্যবহারের সম্ভাবনা যাচাই করছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এ লক্ষ্যে চীনের অন্যতম বড় মেমোরি চিপ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au