বাংলাদেশ

টার্মিনালে এলএনজি শেষ, আবারও কমল গ্যাস সরবরাহ

  • 2:23 am - August 20, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
গ্যাস সংকটে উৎপাদন নেমে অর্ধেকে, কয়েক শ কারখানা বন্ধ । ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ আগষ্ট- মহেশখালীতে এক্সিলারেট পরিচালিত ভাসমান এলএনজি টার্মিনালে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মজুত শেষ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। কার্যক্রম শুরুর কয়েক দিনের মধ্যেই টার্মিনালটি আবার বন্ধ হয়ে যাওয়ায় দেশে গ্যাস সরবরাহে নতুন করে সংকট তৈরি হয়েছে।

পেট্রোবাংলার একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে মহেশখালীর এক্সিলারেট পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। টার্মিনালটিতে থাকা এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বর্তমানে মহেশখালীতে সামিটের এফএসআরইউ থেকে প্রায় ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় দেশে মোট গ্যাস সরবরাহ ২ হাজার ২০০ মিলিয়ন ঘনফুটের নিচে নেমে এসেছে।

অথচ দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। ফলে চাহিদার তুলনায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে প্রায় ১ হাজার ৬০০ মিলিয়ন ঘনফুট।

গত সপ্তাহের তীব্র গ্যাস সংকটের তুলনায় সাম্প্রতিক সময়ে সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছিল। তবে এক্সিলারেটের টার্মিনাল থেকে সরবরাহ বন্ধ হওয়ায় আবারও সংকট তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে শিল্পকারখানাগুলো কম চাপের গ্যাস পাওয়ায় উৎপাদন ব্যাহত হওয়ার অভিযোগ করছে। সরবরাহ করা গ্যাসের একটি বড় অংশ বিদ্যুৎকেন্দ্রগুলোতে দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এক্সিলারেট পরিচালিত এফএসআরইউটির গ্যাস সরবরাহের সক্ষমতা প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট। গত ২১ জুলাই টার্মিনালটিতে অগ্নিকাণ্ডের পর কারিগরি সমস্যার কারণে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে ৬ আগস্ট আংশিকভাবে টার্মিনালটির কার্যক্রম শুরু করা হয়।

তবে ১৪ আগস্ট আবারও টার্মিনালটির কার্যক্রম ব্যাহত হয়। একদিন পর, ১৫ আগস্ট এটি পুনরায় চালু করা হয়। কয়েক দিন সরবরাহের পর এবার টার্মিনালটির এলএনজি মজুত শেষ হয়ে যাওয়ায় আবার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানিয়েছেন, এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজি সরবরাহ না পৌঁছানো পর্যন্ত সেখান থেকে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করা সম্ভব হবে না।

বাংলাদেশে এলএনজি আমদানির পর তা গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য মহেশখালীতে সামিট ও এক্সিলারেটের দুটি এফএসআরইউ রয়েছে। দুটি টার্মিনাল সম্মিলিতভাবে প্রতিদিন প্রায় ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট এলএনজি গ্যাসে রূপান্তরের সক্ষমতা রাখে।

এর মধ্যে এক্সিলারেটের টার্মিনালের সক্ষমতা প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট। ফলে টার্মিনালটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে প্রায় ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। এর প্রভাব সরাসরি শিল্প, বিদ্যুৎ ও অন্যান্য গ্যাসনির্ভর খাতে পড়তে পারে।

এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজি চালান না আসা পর্যন্ত আমদানি করা এলএনজি থেকে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশকে সামিটের এফএসআরইউর ওপর অনেক বেশি নির্ভর করতে হবে। এতে সামিটের টার্মিনালেও কোনো কারিগরি সমস্যা বা সরবরাহজনিত বিঘ্ন দেখা দিলে জাতীয় গ্যাস সরবরাহব্যবস্থায় আরও বড় সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, সরকারের এলএনজি ক্রয় পরিকল্পনা অনুযায়ী আগামী ২৩ আগস্টের আগে এক্সিলারেটের টার্মিনালে নতুন এলএনজি পৌঁছানোর সম্ভাবনা কম। ফলে ওই সময়ের আগে টার্মিনালটির কার্যক্রম স্বাভাবিক হওয়ার সম্ভাবনাও কম।

সংশ্লিষ্টরা বলছেন, একদিকে দেশীয় গ্যাসের উৎপাদন ঘাটতি, অন্যদিকে এলএনজি টার্মিনালে বারবার কারিগরি সমস্যা ও সরবরাহ বিঘ্নের কারণে জাতীয় গ্যাস সরবরাহব্যবস্থা চাপে রয়েছে। বিশেষ করে শিল্পকারখানায় পর্যাপ্ত চাপের গ্যাস না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে। সামনে বিদ্যুৎ উৎপাদনের চাহিদা বাড়লে গ্যাসের সংকট আরও তীব্র হতে পারে।

এই শাখার আরও খবর

নিখোঁজের দুই দিন পর বাগানে মিলল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

মেলবোর্ন, ২০ আগষ্ট: রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর রাবেয়া খাতুন (৩৫) নামে এক নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে…

স্ত্রীর আপত্তিতে হলিউডের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন টোটা রায়চৌধুরী

মেলবোর্ন, ২০ আগষ্ট: হলিউডের একটি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন কলকাতার অভিনেতা টোটা রায়চৌধুরী। সিনেমাটিতে একটি শয্যাদৃশ্য থাকায় এবং সেটি নিয়ে তাঁর স্ত্রীর…

দুই দশকে কলকাতায় বড় অগ্নিকাণ্ডে প্রাণ গেছে দুই শতাধিক মানুষের

মেলবোর্ন, ২০ আগষ্ট- সরকার বদলেছে একাধিকবার। বামফ্রন্টের পর তৃণমূল কংগ্রেস, এরপর বিজেপির শাসন। কিন্তু কলকাতায় বড় অগ্নিকাণ্ডের চিত্র খুব একটা বদলায়নি। গত দুই দশকে শহরটিতে…

ফোন নম্বর ছাড়াই WhatsApp-এ যোগাযোগ, নতুন ইউজারনেম ফিচারে কেন্দ্রের নোটিস

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফোন নম্বর শেয়ার না করেই ইউজার নেমের মাধ্যমে যোগাযোগের সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে WhatsApp। তবে ভারতে ফিচারটি চালুর আগে Meta-কে বিস্তারিত ব্যাখ্যা…

মারাদোনার মৃত্যু রহস্যে নতুন মোড়, চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

মেলবোর্ন, ২০ আগষ্ট: ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাদোনার মৃত্যু নিয়ে চলমান তদন্তে নতুন তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার আদালতে এক বিশেষজ্ঞ চিকিৎসক দাবি করেছেন, মারাদোনার কিডনি ক্রমশ…

ভারত কি শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে? চুক্তিতে যা বলা আছে

মেলবোর্ন, ২০ আগষ্ট-  বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে ঢাকা। তবে এই অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারতকে তাঁকে বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au