অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া জাতীয় সাহসিকতার পুরস্কার ২০২৬

গুলির মুখে সহকর্মী ও আহত ব্যক্তিকে সহায়তা: জাতীয় সাহসিকতার পুরস্কার পেলেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা

  • 11:55 am - October 31, 2026
  • পঠিত হয়েছে:৩২ বার
সাহসিকতার স্বীকৃতি: অস্ট্রেলিয়ার জাতীয় সাহসিকতার পুরস্কার পেলেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা বিকাশ ভারতী। ছবি: Facebook page, PAONSW

ওটিএন বাংলা, অস্ট্রেলিয়া:
সিডনির ক্রয়ডন পার্কে গোলাগুলির সময় নিজের নিরাপত্তার ঝুঁকি নিয়ে সহকর্মী ও আহত এক ব্যক্তিকে সহায়তা করায় অস্ট্রেলিয়ার ২০২৬ সালের জাতীয় সাহসিকতার পুরস্কার পেয়েছেন নেপালি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা বিকাশ ভারতী। নিউ সাউথ ওয়েলস পুলিশের এই সিনিয়র কনস্টেবল এবার যৌথভাবে পুরস্কারটি অর্জন করেন।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ক্যানবেরায় আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ ফেডারেশন অব অস্ট্রেলিয়া তাঁকে এই সম্মাননা প্রদান করে। একই অনুষ্ঠানে কুইন্সল্যান্ড পুলিশ সার্ভিসও যৌথভাবে পুরস্কৃত হয়।

বিকাশ ভারতী নিউ সাউথ ওয়েলস পুলিশের বারউড পুলিশ এরিয়া কমান্ডে কর্মরত। ২০২৫ সালের ৫ অক্টোবর ক্রয়ডন পার্কে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় প্রথম সাড়া দেওয়া পুলিশ কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

ঘটনাস্থলে গুলির মুখে পড়েও তিনি একজন জুনিয়র সহকর্মীকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেন এবং আহত এক সাধারণ নাগরিককে সহায়তা করেন। বিপজ্জনক পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর এই ভূমিকার স্বীকৃতিতেই দেওয়া হয় জাতীয় সম্মাননা।

নিজের নিরাপত্তার আগে মানুষের সুরক্ষা

নিউ সাউথ ওয়েলসের পুলিশ কমিশনার ম্যাল ল্যানিয়ন ভারতীর সাহসিকতা ও দায়িত্ববোধের প্রশংসা করেন।

“সিনিয়র কনস্টেবল ভারতী অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। মানুষকে সুরক্ষা ও সেবা দেওয়ার যে শপথ তিনি নিয়েছিলেন, তাঁর কাজে তারই প্রতিফলন ঘটেছে।”

— ম্যাল ল্যানিয়ন, পুলিশ কমিশনার, নিউ সাউথ ওয়েলস

পুলিশ কমিশনারের মতে, প্রতিদিন দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ সদস্যরা যে নিষ্ঠা ও পেশাদারত্বের পরিচয় দেন, ভারতীর কর্মকাণ্ড তার একটি উজ্জ্বল উদাহরণ।

প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজও ফেডারেল পার্লামেন্টে ভারতীর সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি দেন।

নেপাল থেকে অস্ট্রেলিয়ার জনসেবায়

২০১৫ সালে নেপাল থেকে অস্ট্রেলিয়ায় আসেন বিকাশ ভারতী। জাতীয় পর্যায়ের এই সম্মাননা পাওয়ার প্রতিক্রিয়ায় তিনি জানান, দেশটিতে প্রথম আসার সময় এমন স্বীকৃতির কথা কখনো ভাবেননি।

তবে পুরস্কারটি নিজের একার অর্জন হিসেবে দেখছেন না তিনি। সহকর্মীদের সহযোগিতা, প্রশিক্ষণ ও পারস্পরিক আস্থার কথা উল্লেখ করে বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ক্রয়ডন পার্কের ঘটনায় তাঁর সঙ্গে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের প্রতি।

“পুরস্কারে আমার নাম থাকলেও পুলিশের কাজ কখনো একক প্রচেষ্টা নয়।”

— সিনিয়র কনস্টেবল বিকাশ ভারতী

যে দেশ ও সমাজ তাঁকে স্বাগত জানিয়েছে, তাদের সেবা করার সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

তাঁর ভাষায়, “এই ইউনিফর্ম পরতে পেরে আমি গর্বিত। এত নিবেদিতপ্রাণ নারী ও পুরুষের সঙ্গে দায়িত্ব পালন করতে পেরে গর্বিত এবং এই অসাধারণ সম্মাননার জন্য কৃতজ্ঞ।”

সাহসিকতার পাশাপাশি দলগত কাজের স্বীকৃতি

ভারতীর এই অর্জন বিপদের মুখে সাহসিকতার পাশাপাশি পুলিশের কাজে পারস্পরিক সহযোগিতা ও আস্থার গুরুত্বও তুলে ধরেছে। একই সঙ্গে অস্ট্রেলিয়ার জনসেবায় বিভিন্ন সাংস্কৃতিক পটভূমি থেকে আসা মানুষের অবদানের একটি দৃষ্টান্ত হয়ে উঠেছে তাঁর এই স্বীকৃতি।

নেপাল থেকে অভিবাসী হিসেবে আসা একজন মানুষের অস্ট্রেলিয়ার মানুষের নিরাপত্তায় দায়িত্ব পালন এবং সেই কাজের জন্য জাতীয় সম্মাননা পাওয়া নেপালি–অস্ট্রেলীয় কমিউনিটির জন্যও গর্বের উপলক্ষ।

এই শাখার আরও খবর

খুলনায় একের পর এক হত্যাকাণ্ড, সন্ধ্যার পর বের হচ্ছে না মানুষ

ওটিএন বাংলা রিপোর্ট: খুলনায় খুন, ছিনতাই, অপহরণ ও মাদক কারবারের ঘটনায় উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান, বিপুলসংখ্যক মামলা ও গ্রেপ্তারের পরও থামছে না…

অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম দুর্গাপূজা: শিক্ষার্থীদের হাত ধরে নতুন ইতিহাস

ওটিএন বাংলা, নিউক্যাসেল: পূজার আর মাত্র পাঁচ দিন বাকি। অথচ তখনও নিউক্যাসেলে পৌঁছায়নি দুর্গাপ্রতিমা। পুরোহিত, ঢাক ও পূজার প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থাও চূড়ান্ত হয়নি। এর মধ্যেই…

তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করল পিবিআই

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর সঙ্গে নিখোঁজ হওয়ার আগে প্রায় ছয় ঘণ্টা সময় কাটানো ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ পুলিশের…

মধ্যবর্তী নির্বাচনের প্রচারে চলছে ট্রাম্প-ওবামার কথার লড়াই

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রচারের শেষ সময়ে এসে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শুরু হয়েছে খাবারের রেস্তোরাঁ নিয়ে পাল্টাপাল্টি কথার লড়াই।…

‘৭১-এ বাংলাদেশ স্বাধীন হলেও প্রকৃত স্বাধীনতা এখনো আসেনি’: ফজলুর রহমান

বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, মানবাধিকারকর্মী ও অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে আজীবন সোচ্চার ব্যক্তিত্ব অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের স্মরণসভায় বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ১৯৭১ সালে…

ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর তৎপরতা, বিকল্প সরকার গঠনে বিরোধীদের বৈঠক

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের পূর্ণাঙ্গ ভোট গণনা শেষ হলেও নতুন সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন কোনো পক্ষই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au