বিশ্ব

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

  • 4:48 am - September 05, 2026
  • পঠিত হয়েছে:৩৪ বার
২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসকের হত্যাকাণ্ডের ঘটনায় রাজ্য জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ছবিটি ঘটনার ১০ দিন পর কলেজের ফটকের বাইরে থেকে তোলা। ফটকে ঝুলানো ব্যানারে লেখা ‘নো সেফটি. নো ডিউটি’।ফাইল ছবি: রয়টার্স

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল নেতা সোমনাথ দেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেঙ্গালুরুর একটি গেস্টহাউস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতার খড়দা থানায় নিয়ে আসা হয়েছে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, আরজি করের ওই নারী চিকিৎসকের মরদেহ সৎকারের ঘটনাকে কেন্দ্র করে নতুন করে তদন্ত শুরু হওয়ার পর থেকেই সোমনাথ দে আত্মগোপনে ছিলেন। শেষ পর্যন্ত বেঙ্গালুরুতে তাঁর অবস্থানের তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাঁকে বেঙ্গালুরু থেকে কলকাতায় আনা হয়। পরে খড়দা থানায় রাখা হয় তাঁকে। আজ সকালে আদালতে নেওয়ার সময় খড়দা থানার বাইরে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ কয়েকজন তাঁর দিকে ডিম ও ইটপাটকেল ছুড়ে মারেন। পরে তাঁকে বারাকপুরের মহকুমা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে বলে জানা গেছে।

আরজি করের ওই নারী চিকিৎসককে ঘিরে মামলাটি নতুন করে আলোচনায় আসে তাঁর মা-বাবার অভিযোগের পর। তাঁদের দাবি, মেয়ের মরদেহ তাঁদের সম্মতি বা যথাযথভাবে জানানো ছাড়াই দ্রুত পানিহাটি শ্মশানে নিয়ে গিয়ে দাহ করা হয়েছিল। মরদেহ শেষবারের মতো দেখার সুযোগও তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তাঁরা।

ক্ষমতার পরিবর্তনের পর বিষয়টি নিয়ে নতুন করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে বারাকপুর পুলিশ কমিশনারেট একটি মামলা করে তদন্ত শুরু করে। এরপর একে একে তৎকালীন রাজনৈতিক ও স্থানীয় প্রশাসনের সঙ্গে যুক্ত কয়েকজনের ভূমিকা তদন্তের আওতায় আসে।

এর আগে গত ১৩ আগস্ট পানিহাটির সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। মামলা হওয়ার পর তাঁরাও আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে। এবার একই মামলায় সোমনাথ দের গ্রেপ্তার করা হলো।

তদন্তসংশ্লিষ্ট অভিযোগ অনুযায়ী, নির্মল ঘোষসহ তৃণমূলের আরও দুই নেতা ওই নারী চিকিৎসকের মরদেহ দ্রুত সৎকারের ব্যবস্থা করেছিলেন। অভিযোগ রয়েছে, পরিবারের সদস্যদের শেষবারের মতো মরদেহ দেখার সুযোগ না দিয়ে এবং সৎকারের প্রচলিত নিয়মকানুন অনুসরণ না করেই মরদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যাওয়া হয়।

পুলিশের তদন্তে এমন অভিযোগও সামনে এসেছে যে, দ্রুত সৎকারের জন্য নির্মল ঘোষ অস্ত্রের ভয় দেখিয়েছিলেন। তবে এসব অভিযোগের সত্যতা আদালতের বিচার ও তদন্তের চূড়ান্ত ফলাফলের ওপর নির্ভর করবে।

আরজি কর-কাণ্ডের পর থেকে মরদেহ সৎকারের সময়কার ঘটনাপ্রবাহ নিয়ে নানা প্রশ্ন রয়েছে। কেন এত দ্রুত মরদেহ সৎকার করা হয়েছিল, কার নির্দেশে মরদেহ শ্মশানে নেওয়া হয়, পরিবারের সদস্যদের কেন যথাযথভাবে সময় দেওয়া হয়নি এবং ওই সময় কারা সেখানে উপস্থিত ছিলেন, তদন্তে এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

২০২৪ সালের ৯ আগস্ট রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ওই নারী চিকিৎসক ধর্ষণের শিকার হন এবং পরে তাঁকে হত্যা করা হয়। পরদিন হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি ভারতজুড়ে ব্যাপক প্রতিবাদ ও আন্দোলনের জন্ম দেয়।

এই মামলায় পরে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তে নামে এবং মূল ধর্ষণ ও হত্যাকাণ্ডের পাশাপাশি ঘটনাটির বিভিন্ন পর্যায় নিয়ে তদন্ত চলে। এবার মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে স্থানীয় রাজনৈতিক নেতাদের গ্রেপ্তারের ঘটনায় মামলাটি নতুন করে আলোচনায় এসেছে।

সোমনাথ দের গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে নতুন কী তথ্য সামনে আসে এবং মরদেহ সৎকারের সিদ্ধান্তে কারা সরাসরি যুক্ত ছিলেন, এখন সেদিকেই নজর রয়েছে। একই সঙ্গে অভিযোগগুলোর সঙ্গে মূল ধর্ষণ ও হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র ছিল কি না, নাকি এটি পৃথক একটি তদন্তের বিষয়, সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়ার অপেক্ষায় রয়েছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ, বাণিজ্যিক অস্থিরতা এবং সরবরাহব্যবস্থায় বাড়তে থাকা অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে,…

চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশের সুবিধা-অসুবিধা কী?

বাংলাদেশ বিমানবাহিনী আধুনিকায়নের অংশ হিসেবে চীন থেকে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে। আলোচনায় থাকা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান নিয়ে ইতোমধ্যে দেশের প্রতিরক্ষা অঙ্গনে ব্যাপক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au